চকরিয়া ও পেকুয়ায় মৎস্য খাতে ১৩৮ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় মৎস্য খাতে অন্তত ১৩৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুই উপজেলায় ৮ হাজার ৪৫৪টি পুকুর ও দিঘির মাছ ভেসে গেছে। এ ছাড়া চিংড়িঘের, ব্যক্তি মালিকানাধীন মৎস্য খামারেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুই উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের করা প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে চাষিদের হিসাবে এই ক্ষয়ক্ষতি ১৫০ কোটি টাকার বেশি।
চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চকরিয়া উপজেলায় ১১৭ কোটি টাকার মাছ বন্যায় ভেসে গেছে। এর মধ্যে পুকুর ও দিঘির ২৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা, বাণিজ্যিক মৎস্য খামারের এক কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা ও চিংড়িঘের মালিকদের ৮৯ কোটি ৪১ লাখ ৯৩ হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৮ হাজার ৫৪৫ জন চাষি।
পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বন্যায় পেকুয়া উপজেলার ২ হাজার ৪৫ চাষির ২১ কোটি ২৮ লাখ টাকার মাছ বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে পুকুর ও দিঘির ২ কোটি ৫৬ লাখ টাকা, বাণিজ্যিক মৎস্য খামারের এক কোটি ৩২ লাখ টাকার মাছ ও চিংড়িঘেরের মালিকদের ৫ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুই উপজেলার বেশির ভাগ এলাকা পানিতে ডুবে আছে। কিছু এলাকায় পানি নামছে। প্লাবিত এলাকায় সব পুকুর-দিঘির মাছ ভেসে গেছে।
দরবেশকাটা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘এবার বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে অন্তত ১৫০ কোটি টাকার মাছ ভেসে গেছে। এখন প্রান্তিক চাষিরা কিভাবে এ ক্ষতি পুষিয়ে উঠবেন, তা ভেবে দেখতে হবে।’
পেকুয়া সদর ইউনিয়নের বিলাহাচুরা গ্রামের মৎস্যচাষি ইয়াকুব নবী বলেন, ‘বন্যার পানিতে মৎস্যঘের তলিয়ে গিয়ে অন্তত ১২ লাখ টাকার মাছ ভেসে গেছে। এখন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি কিভাবে টানবেন বুঝে উঠতে পারছি না।’
পেকুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বন্যায় মৎস্যখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। এবারের বন্যায় উপজেলার সাত ইউনিয়নের মধ্যে পাঁচ ইউনিয়নের মৎস্যঘের, বাণিজ্যিক খামার ও পুকুর তলিয়ে গেছে।’