চকরিয়া ও পেকুয়ায় ৬২ করাতকলের ৫০টিই অবৈধ
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় ৬২টি করাতকল রয়েছে। এর মধ্যে ৫০টি অবৈধ। প্রতিটি করাতকলের অবস্থান বনের তিন কিলোমিটারের মধ্যে। এসব করাতকলে প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি টাকার বনের কাঠ চিরানো হয়। এরপর এসব কাঠ পাচার করা হয় বিভিন্ন জায়গায়। এভাবে প্রতিদিন গাছ পাচারের ফলে সরকারি বনাঞ্চল দিন দিন গাছশূন্য হয়ে পড়ছে। বন বিভাগসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, চকরিয়া উপজেলার খুটাখালী, দিগরপানখালী, মৌলভিরকুম, লামার চিরিঙ্গা, শিকলঘাট, মাতামুহুরী নদীর তীর, একতা বাজার, পরিষদ এলাকা, শান্তিবাজার, কুতুব বাজার, বদরখালী বাজার, বহদ্দারকাটা, বেতুয়া বাজার, হারবাং ও মাইজঘোনা স্টেশন এলাকায় ৪২টি করাতকল রয়েছে। এর মধ্যে সরকারি অনুমোদন রয়েছে নয়টির। পেকুয়া উপজেলার জনতা বাজার, এতিমখানা, বারবাকিয়া বাজার, ফাঁসিয়াখালী, পেকুয়া বাজার, চড়াপাড়া বাজার, রাজাখালী আরবশাহ বাজার, টৈটং বাজার, হাজী বাজার ও মগনামা এলাকায় রয়েছে ২০টি করাতকল। এসব করাতকলের কোনো সরকারি অনুমোদন নেই। করাতকলগুলোতে কাঠ সরবরাহের একমাত্র উৎস কক্সবাজার উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ২২টি বনবিটের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল। টৈটং এলাকার শিক্ষক জাহেদ উল্লাহ জানান, একাধিক কাঠ চোরচক্র সরকারি বনাঞ্চল থেকে মূল্যবান গাছ কাটার পর সুযোগ বুঝে বনের কাছের করাতকলগুলোতে মজুদ করে। সেখানে চেরাই করার পর এসব কাঠ ট্রাকে ও নৌকায় করে সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায়। করাতকলের মালিক ও সংশ্লিষ্ট বন কর্মকর্তার মধ্যে যোগসাজশ না থাকলে এ রকম অবৈধ কাজ করা সম্ভব হতো না বলে তিনি মন্তব্য করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে গত ২৩ মার্চ রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাঁচটি করাতকল জব্দ করেছে। এ সময় অন্তত ১০ হাজার ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. আসলাম মজুমদার অবৈধ করাতকল জব্দ ও কাঠ উদ্ধার করার কথা স্বীকার করেন। মো. আসলাম মজুমদার জানান, চকরিয়ার ফাঁসিয়াখালী ও ফুলছড়ি রেঞ্জের আওতাধীন এলাকায় অনুমোদন রয়েছে নয়টি করাতকলের। কাগজপত্রসহ আবেদন জমা আছে আরও তিনটির। বাকিগুলো অবৈধ। তবে অবৈধ করাতকলের প্রকৃত সংখ্যা তিনি জানাতে পারেননি। বন বিভাগ শিগগিরই আরও অভিযান পরিচালনা ও পর্যায়ক্রমে সব অবৈধ করাতকল উচ্ছেদ করবে বলে জানান মো. আসলাম। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বন রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, ১৯৮৭ সাল থেকে সরকার করাতকলের অনুমোদন দেওয়া বন্ধ রেখেছে। এই সময়ের পর যেসব করাতকল স্থাপিত হয়েছে তার সবগুলোই অবৈধ। বন বিভাগকে নিয়ে শিগগিরই এসব করাতকল উচ্ছেদ করা হবে।