চকরিয়া-পেকুয়ায় মাসে কোটি টাকার পলিথিন বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ২৯টি হাটবাজারে নিষিদ্ধ পলিথিনের জমজমাট ব্যবসা চলছে। প্রতি মাসে প্রায় কোটি টাকার পলিথিন বিক্রি হয় এ দুই উপজেলায়। সাত সদস্যের বড় একটি চক্র এ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। চক্রটি থানা পুলিশের সঙ্গে সখ্য ও সমঝোতার মাধ্যমে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুিক এক পলিথিন ব্যবসায়ী জানান, চট্টগ্রাম শহর থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকার পলিথিন এনে চকরিয়া ও পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলের হাটবাজারের বিভিন্ন দোকানে বাজারজাত করা হয়। এ ব্যাপারে পাইকারদের সঙ্গে পুলিশের আর্থিক লেনদেন রয়েছে বলে ওই ব্যবসায়ী জানান। জানা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জের দিদারুল ইসলাম, চকরিয়া পৌর শহরের সুমাইয়া এন্টারপ্রাইজ, জনতা মার্কেটের সামনের ভাই ভাই চালের দোকান ও পেকুয়ার আশেক স্টোরের দুই মালিক এবং বদরখালীর জমির উদ্দিন ও বাঁশখালীর টাইমবাজারের কুতুব উদ্দিন এলাকার পলিথিন ব্যবসা নিয়ন্ত্রণ করেন। প্রায় চার-পাঁচ বছর ধরে চকরিয়া ও পেকুয়া ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন মুদিপণ্য, ফলমূল, কাঁচা তরকারি ও মাছবাজারের দোকানে এসব পলিথিন বাজারজাত করে আসছেন তাঁরা। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন কারখানায় উৎপাদিত পলিথিন চট্টগ্রাম শহরের চাক্তাই-খাতুনগঞ্জ এলাকায় মজুদ করা হয়। এসব পলিথিন চকরিয়া, পেকুয়া, লামা ও কুতুবদিয়ার সংশ্লিষ্ট আড়তে সরবরাহ করেন তাঁরা। এসব আড়ত থেকে খুচরা দোকানদারেরা চাহিদা অনুযায়ী পলিথিন নিয়ে যান নিজ নিজ দোকানে। পরে পণ্য ভর্তি করে এসব পলিথিন ধরিয়ে দেওয়া হয় ক্রেতাদের হাতে। চকরিয়ার সুমাইয়া এন্টারপ্রাইজের মালিক জিয়াউল হোসেন পলিথিন ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, ‘আমি বড় ব্যবসায়ী নই। অন্য ১০ জনের মতো থানা থেকে ৫০০ টাকার টোকেন নিয়ে পলিথিনের ব্যবসা করি।’পেকুয়ার আশেক স্টোরের মালিক মো. আশেক জানান, সাতজনের জোটবদ্ধ ব্যবসা বর্তমানে নেই। প্রত্যেকে আলাদাভাবে ব্যবসা করেন। জোটবদ্ধ থাকতে পুলিশকে টাকা দিলেও বর্তমানে ব্যবসা চলে পুলিশের অগোচরে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, ‘কোনো পলিথিন ব্যবসায়ীর সঙ্গে আমার যোগাযোগ নেই। থানার অন্য কারও সঙ্গে যোগাযোগ থাকার কথা জানতে পারলে তদন্ত করে ব্যবস্থা নেব।’ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন জানান, শিগগিরই পলিথিনের আড়তগুলোতে অভিযান চালিয়ে এর বিপণন ও ব্যবহার বন্ধ করা হবে।