চকরিয়া বালিকা উচ্চবিদ্যালয় সড়কে আবর্জনা, দুর্ভোগ
চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়কে আবর্জনার দুর্গন্ধে পথচলা দায় হয়ে পড়েছে। ১৫ দিন ধরে সড়কের পাশের সোসাইটি কাঁচাবাজারের আবর্জনা অপসারণ না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীরা।
পৌর এলাকার বাসিন্দা আবুল কাশেম (৪২) বলেন, প্রতিদিন পৌরসভা কর্তৃপক্ষের পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনা পরিষ্কার করার কথা থাকলেও এ সড়কের আবর্জনা নেওয়া হয় মাঝেমধ্যে। এতে আর্বজনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়ায়।
চকরিয়া বিমানবন্দর সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম নুরুস শফি বলেন, পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের লোকজন আগে প্রতিদিন এসব আর্বজনা অপসারণ করতেন। কিন্তু ১৫ দিন ধরে আর্বজনা পরিষ্কাার না করায় কাঁচাবাজারের সামনে এখন আবর্জনার স্তূপ জমে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ওপর স্তূপ করে রাখা আবর্জনা ছড়িয়ে পড়ছে চারপাশে। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে ওই এলাকায়। পথচারীরা নাকে কাপড় গুঁজে চলাফেরা করছেন।
জানতে চাইলে এই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মণ কান্তি দাশ বলেন, সোসাইটি কাঁচাবাজারটি ব্যক্তি মালিকানাধীন। তাই আবর্জনা বাজার মালিককেই অপসারণ করতে হবে। তার পরও পৌরসভার মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের লোকজন এসব আবর্জনা অপসারণ করছেন।