চকরিয়ার ওবাইদুল অপহৃত নাকি নিখোঁজ?
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএম চর ইউনিয়নের দক্ষিণ বহদ্দারকাটা গ্রাম থেকে ওবাইদুল হাসান (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত ২৪ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়। ওবাইদুল ওই গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আনোয়ার হোসেন।
জানতে চাইলে আনোয়ার হোসেন বলেন, ‘ওবাইদুল সবকিছু চেনে-জানে। বাড়ির আশপাশ থেকে সে হারিয়ে যাওয়ার ছেলে নয়। তাকে কেউ নিয়ে গেছে।’
পরিবারের সদস্যরা বলছেন, ওবাইদুল বহদ্দারকাটা ইক্রা শিশু কানন শিক্ষা নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বার্ষিক পরীক্ষা দিয়ে সে ফলাফলের অপেক্ষায় আছে। নিখোঁজের সময় তার পরনে খয়েরি রঙের প্যান্ট ও বেগুনি রঙের শার্ট ছিল। তার গায়ের রং ফরসা, মুখ গোলাকার ও উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ‘ওবাইদুল হাসান নামের এক ছাত্র নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি রেকর্ড করা হয়েছে। অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। সব থানায় ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।’