তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ছয় ইউনিয়নের আওয়ামী লীগের সাত ‘বিদ্রোহী’ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শনিবার চকরিয়া উপজেলার ১২ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা বলেন, বিভিন্ন পত্রপত্রিকা ও দলীয় প্রার্থীর অভিযোগ থেকে নিশ্চিত হওয়া গেছে চকরিয়ার ছয় ইউপিতে সাতজন নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হলেও তাঁরা কর্ণপাত করেননি। এ কারণে দল থেকে তাঁদের সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউপির আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী নজরুল ইসলাম, চিরিঙ্গার খাজা সালাউদ্দিন ও জামাল হোসেন চৌধুরী, খুটাখালীর জয়নাল আবেদীন, সুরাজপুর-মানিকপুরের রুস্তম শাহরিয়ার, কৈয়ারবিলের ইকবাল হোসেন ও বমু বিলছড়ির কফিল উদ্দিন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতজনই প্রথম আলোকে জানান, তাঁরা এখনো বহিষ্কারের কোনো চিঠি পাননি। এ ছাড়া তাঁরা নির্বাচনেও আছেন।