কক্সবাজারের চকরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির হঠাৎ অবনতি হয়েছে। গত ৮ মে থেকে ২২ জুলাই পর্যন্ত উপজেলায় ছয় ব্যক্তি খুন হয়েছেন। এ ছাড়া তিনটি অজ্ঞাতসহ লাশ উদ্ধার করা হয়েছে পাঁচটি। একই সঙ্গে বেড়েছে ডাকাতিও। এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটে গত ১ জুলাই খুটাখালী বাজারে। ওই দিন দুপুরে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শিয়াপাড়ার বাসিন্দা ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মিজানকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, মিজান হত্যাকাণ্ড ঘিরে খুটাখালী ইউনিয়নের শিয়াপাড়া ও নোয়াপাড়া এলাকায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক তাণ্ডব চালানো হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে অস্থায়ী ক্যাম্প বসায়। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এই মামলার বাদী মুজিবর রহমান জানান, প্রতিপক্ষের বসতঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের সঙ্গে তাঁর পরিবারের কেউ জড়িত নয়। একটি পক্ষ সুবিধা নিতে এসব হামলা ও লুটপাট চালাচ্ছে।
২২ জুলাই রাতে বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয় মো. ওসমান (৪০) নামের এক ব্যক্তিকে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাবুল আজাদ বলেন, মাথা, ঘাড় ও কাঁধে অন্তত ২১টি কোপ দিয়ে ওসমানকে হত্যা করা হয়। হত্যার পর তাঁকে জবাই করে মসজিদের পুকুরপাড়ে লাশ ফেলে যায় সন্ত্রাসীরা।
এদিকে তিন দিন নিখোঁজ থাকার পর ৫ জুলাই চকরিয়া পৌরসভার মৌলভীরকুমের ভরা খালে ভাসমান অবস্থায় রংমিস্ত্রি মোহাম্মদ মিরাজের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
২ জুলাই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া ১০ মে রাতে চকরিয়া পৌরসভার কোচপাড়ার রোহিঙ্গাপল্লিতে রমিজা খাতুন (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী আবুল কাশেম। পুলিশ ওই সময় স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। ৮ মে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় জায়গা–জমিসংক্রান্ত বিবোধের জের ধরে ভাতিজা মো. আরিফের হাতে খুন হন চাচা মো. ইসমাইল। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
থানা সূত্র জানায়, ১০ জুলাই সকাল সাড়ে নয়টায় রামপুর চিংড়ি জোন এলাকা থেকে নুরুল কবির (৪৮) নামের এক জেলে, গত ১২ জুন চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লাল ব্রিজ এলাকা থেকে ফাতেমা বেগম (৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ, ২৭ মে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি, একই দিন পৌরসভার পুরোনো বাসস্টেশন এলাকা থেকে আরও এক অজ্ঞাতনামা নারীর লাশ ও ২৬ মে চকরিয়া পৌরসভার থানা সড়কের মাথা এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে বেড়েছে ডাকাতিও। গত আড়াই মাসে সড়ক ও নৌপথে অন্তত ২০টি ডাকাতি সংঘটিত হয়েছে। এ ছাড়া বসতঘর ডাকাতি হয়েছে ৩০টির বেশি। তবে এসব ঘটনায় কেউ মামলা করে করেনি।
ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ও চকরিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়ায় সাম্প্রতিক সময়ে হত্যা ও ডাকাতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় এসব অপরাধ ঘটছে। তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন হতে হবে।
তবে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর দাবি করেন, একেকটি খুনের ধরন একেক রকম। কিছু নারীঘটিত আর কিছু জায়গা–জমিসংক্রান্ত হত্যাকাণ্ড। তবে এর কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলা যাবে না। এগুলো বিচ্ছিন্ন কিছু ঘটনা। তিনি আরও বলেন, পুলিশ কঠোর হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখেছে। হত্যাকাণ্ড ও ডাকাতি এখন আর হচ্ছে না।