চকরিয়ায় ইউএনডিপি ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালা
কক্সবাজারের চকরিয়ায় জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ মে সকালে কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় আইসিডিডিআরবির সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নারী উন্নয়ন ফোরাম গঠন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা গভর্ন্যান্স প্রকল্প চট্টগ্রাম বিভাগের পরিচালক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব দীপক চক্রবর্তী।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব মোহাম্মদ আনোয়ার পাশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম।
উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার ৫৮ জন নারী জনপ্রতিনিধি কর্মশালায় অংশ নেন। পরে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগমকে সভাপতি ও লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্য রোকেয়া বেগমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।