চকরিয়ায় উপজেলা তথ্যসেবাকেন্দ্রের সুফল পাচ্ছে মানুষ
‘কারিগরি প্রশিক্ষণ নিন, আত্মনির্ভরশীল হোন’ এমন স্লোগান নিয়ে গত ২ ফেব্রুয়ারি চালু হয়েছে চকরিয়া উপজেলা তথ্যসেবাকেন্দ্র। চালুর পর থেকে সেবাকেন্দ্রটি থেকে কয়েক হাজার নারী-পুরুষ সেবা নিয়েছে। এ কেন্দ্রে জন্মনিবন্ধনসহ নানা প্রয়োজনীয় ফরম পাওয়া যাচ্ছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোয়াজ্জম হোসাইন তথ্যসেবাকেন্দ্র সার্বিকভাবে তত্ত্বাবধান করছেন বলে জানান। শিমসম বাড়ৈ ও রোজিনা আকতার নামের দুজন পরিচালক তথ্যসেবাকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছেন।
উপজেলা তথ্যসেবাকেন্দ্র সূত্র জানায়, ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত অন্তত তিন হাজার নারী–পুরুষ সেবা নিয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ৫০ জনকে বিনা মূল্যে ইন্টারনেট ব্রাউজিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫০ জন ও নারী-পুরুষ পরীক্ষায় অংশ নিয়ে সনদ পেয়েছেন।
চকরিয়া তথ্যসেবাকেন্দ্রের পরিচালক রোজিনা আকতার বলেন, মাসে ৫০০-৭০০ ব্যক্তি সেবা নিচ্ছে। এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার টাকার মতো আয় হয়েছে।
পরিচালক শিমসম বাড়ৈ বলেন, বর্তমানে ৫০ জনের জন্য একটি কোর্স চলমান রয়েছে। প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্লাস চলছে। এ সময়ের মধ্যে সেবাপ্রার্থীরা সেবাও নিচ্ছেন।
রোজিনা আকতার বলেন, তাঁদের পাঁচটি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, অফিস ম্যানেজমন্ট, ইন্টারনেট কোর্স, ওয়েব ডিজাইন ও ফটোশপ।
জানা গেছে, এ তথ্যসেবাকেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে এ পর্যন্ত পাঁচজন নারী–পুরুষ সরকারি বিভিন্ন দপ্তরে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পেয়েছেন।
বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা নিলুফার আকতার বলেন, উপজেলা তথ্যসেবাকেন্দ্র চালু হওয়ায় তাঁদেরও সুবিধা হয়েছে। স্বল্প খরচে বিদ্যালয়ের সব কাজকর্ম করা যাচ্ছে। এ ছাড়া শিক্ষার্থীদেরও কম্পিউটার শিখতে সুবিধা হচ্ছে।
আইসিটি সেন্টারের চকরিয়া উপজেলা টেকনিশিয়ান মো. এরশাদুল হক বলেন, পুরো কক্সবাজার জেলার একমাত্র চকরিয়ায় উপজেলা পর্যায়ে তথ্যসেবাকেন্দ্র রয়েছে। কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে মানুষ স্বল্পমূল্যে সেবা নিতে পারছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলার ইউএনও মো. মোয়াজ্জম হোসাইন বলেন, তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় প্রায় ৩৫ লাখ টাকা খরচ করে এ তথ্যসেবাকেন্দ্রটি চালু করেছে। এ কেন্দ্রের লক্ষ্য মানুষের দোরগোড়ায় তথ্যসেবা পৌঁছে দেওয়া। একই সঙ্গে জন্মনিবন্ধন সনদ, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ নানা সেবাও দেওয়া হচ্ছে এ কেন্দ্র থেকে।