চকরিয়ায় ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা
চকরিয়ায় ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। তারা দলীয় কর্মসূচিও পালন করছে আলাদাভাবে। ইতিমধ্যে দুই পক্ষ মিছিল-সমাবেশের মাধ্যমে শো-ডাউন করেছে। এর মধ্যে ১৭ এপ্রিল একই স্থানে দুই পক্ষ সমাবেশ আহ্বান করলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। যেকোনো মুহূর্তে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন দলীয় লোকজন।সূত্র জানায়, প্রায় দুই বছর আগে হায়দার আলীকে সভাপতি ও কাউসার উদ্দিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। কিন্তু ১৩ এপ্রিল শেফায়েতুল কবিরকে আহ্বায়ক ও জহিরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে ছাত্রলীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।জানা যায়, ১৭ এপ্রিল দুই পক্ষ নিজেদের শক্তি প্রমাণ করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও উপজেলা সদরে মিছিল করেছে। এ সময় এক পক্ষ লাঠিসোঁটা হাতে মিছিল করে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। মিছিল নিয়ে শেফায়েতুল কবির ও জহিরুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপ থানা সেন্টার মোড়ে পথসভা করে। আর হায়দার আলী ও কাউসার উদ্দিনের নেতৃত্বে অপর গ্রুপ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা করে। হায়দার আলী প্রথম আলোকে বলেন, ‘মুজিবনগর দিবস পালন উপলক্ষে আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী চিরিঙ্গা পুরাতন বাস টার্মিনালে সমাবেশ আহ্বান করি। কিন্তু স্বঘোষিত একটি কমিটি পাল্টা সমাবেশ ডাকে।’ তিনি বলেন, জেলা কমিটির একজন নেতা ইচ্ছে করলে কমিটি ভাঙতে পারে না। কমিটি ভাঙতে হলে দলীয় গঠনতন্ত্র অনুসরণ করতে হয়। যে প্রক্রিয়ায় কমিটি ভাঙার কথা বলা হয়েছে, সে রকম কোনো প্রক্রিয়া গঠনতন্ত্রে নেই।অপরদিকে শেফায়েতুল কবির ও জহিরুল ইসলাম দাবি করেন, তাঁদের কমিটিই বর্তমানে ছাত্রলীগের বৈধ কমিটি। এতে সমাবেশ বা দলীয় কর্মসূচি পালনের এখতিয়ার তাঁদের রয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ প্রথম আলোকে বলেন, সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য চকরিয়া ছাত্রলীগের আহ্বায়ক কমিটি করা হয়েছে। এতে কোনো বিভেদ বা দ্বন্দ্ব থাকবে না। যেসব সমস্যা দেখা দিয়েছিল তা সমাধানের পর্যায়ে রয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন চকরিয়ায় আওয়ামী লীগ কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে আছে। এ বিভক্তির কারণে কতিপয় আওয়ামী লীগ নেতা ছাত্রলীগে দ্বন্দ্ব-কলহ সৃষ্টি করে রাখছে। এ ছাড়া চকরিয়া উপজেলা আওয়ামী লীগও দীর্ঘ সাড়ে চার বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। দলের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের নেতারা দলীয় কোনো কর্মকাণ্ডে নয়, নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। এতে দল নিয়ে কারও মাথাব্যথা নেই।