চকরিয়ায় তামাক পুড়ছে এক হাজার ৮০০ চুল্লিতে
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাত ইউনিয়নে এক হাজার ৮০০ তামাকচুল্লিতে তামাক শুকানোর কাজ চলছে। এসব তামাক শুকাতে গিয়ে পোড়ানো হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। এতে দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এ ব্যাপারে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।
জানা গেছে, চলতি মৌসুমে চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নের প্রায় চার হাজার ৭০০ একর জমিতে তামাক চাষ হয়েছে। অন্য ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
সরেজমিনে দেখা যায়, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের প্রপার কাকারা গ্রামে ১০-১২টি তামাকচুিল্লর পাশে তামাকপাতা আর কাঠ স্তূপ করে রাখা হয়েছে। কোনো কোনো চুল্লিতে চলছে তামাক শুকানোর কাজ। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় সৃষ্টি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ।
তামাকচাষি জসিম উদ্দিন (৩৪) বলেন, ‘ধানের চেয়ে তামাক চাষে লাভ বেশি পাওয়া যায়। তাই পরিবেশের জন্য ক্ষতিকর জেনেও তামাকের চাষ করি।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাক শুকাতে জ্বালানি হিসেবে বিপুল পরিমাণ কাঠের প্রয়োজন হয়। চাষিরা বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার পাহাড়ি বনাঞ্চল থেকে নদীপথে বিভিন্ন জাতের কাঠ এনে তামাকচুল্লিতে ব্যবহার করেন।
কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর এলাকার শিক্ষক আহমদ কবির বলেন, তামাকের আগ্রাসনের কারণে এলাকার অনেক গাছগাছালি ইতিমধ্যে উজাড় হয়ে গেছে। এখন নদীপথে উজানের পাহাড়ি এলাকা থেকে কাঠ আনা হয়।
তামাক চাষে চাষিদের নিরুৎসাহিত করতে এবং পরিবেশের ভারসাম্য ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়ায় কাজ করছে বেশ কটি স্বেচ্ছাসেবী সংস্থা। এ রকম একটি সংস্থা ‘উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ)’। সংস্থার কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক বলেন, তামাক শুকাতে চকরিয়া উপজেলায় এক হাজার ৮০০টি তামাকচুল্লি বসানো হয়েছে।
এসব চুল্লির ধোঁয়ায় এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি জানান, দেড় দশক আগে চকরিয়ায় শুরু হওয়া তামাকের আগ্রাসন এখন ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন নির্বিকার থাকায় তা আরও বাড়ছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর মো. তোফায়েল উদ্দিন বলেন, তামাক শুকানোর সময় বের হওয়া ধোঁয়া থেকে শ্বাসকষ্ট, এমনকি ক্যানসারসহ মানবদেহে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হতে পারে।
চুল্লিতে কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা খান হাফিজুর রহমান বলেন, তাঁর আওতাধীন কোনো এলাকায় বনের গাছ কাটা যাচ্ছে না। হয়তো তামাকচাষিরা বিভিন্ন উপায়ে পার্বত্য এলাকা থেকে এসব কাঠ সংগ্রহ করে থাকেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা বনায়ন রক্ষা কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসাইন বলেন, গাছ কেটে তামাকচুল্লিতে ব্যবহারের বিষয়ে তাঁকে কেউ জানাননি। তবুও বিষয়টি খতিয়ে দেখবেন বলে তিনি জানান।