চকরিয়ায় তামাকের রাজ্যে স্ট্রবেরি
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের নিরিবিলি গ্রাম দক্ষিণ কাকারা। গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী। প্রমত্তা মাতামুহুরী নদীর বাঁকে বাঁকে জড়িয়ে আছে তাঁদের জীবনগাথা। বর্ষায় পাহাড়ি ঢলের তোড়ে এ গ্রামের সবখানে পলি পড়ে সব যেন নতুন হয়ে ওঠে। এসব উর্বর ভূমিতে ফসল ফলিয়ে এখানকার মানুষ সংসারের পুরো বছরের খরচ জোগায়। কিন্তু সেই জমিতে তামাক ছাড়া অন্য কোনো ফসল তেমন উৎপাদিত হয় না। কৃষকেরা তামাক কোম্পানিগুলোর ফাঁদে পড়ে তামাক চাষে ঝুঁকে পড়েছেন। ১৫-১৬ বছর ধরে এখানে রবি ও বোরো চাষ অনেকটাই হারিয়ে গেছে।তবে বেশি লাভের লোভ সামলে তামাক চাষ থেকে সরে এসে একখণ্ড জমিতে স্ট্রবেরি চাষ করে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন এ গ্রামেরই শিক্ষিত যুবক রেজাউল করিম। তাঁর দৃষ্টিনন্দন স্ট্রবেরি চাষ দেখতে ওই এলাকায় লোকজন প্রতিদিন ভিড় জমাচ্ছে।রেজাউল করিম বলেন, ‘তামাক চাষে পরিশ্রমের তুলনায় লাভ কম। রয়েছে স্বাস্থ্যঝুঁকিও। এ জন্য তামাক চাষ ছেড়ে স্ট্রবেরি চাষে নেমেছি। প্রথমবার আর্থিকভাবে তেমন লাভবান না হলেও দ্বিতীয়বার চারা রোপণের মাত্র ৪৫ দিনের মাথায় ফুল এবং ৬০ দিনে ফল পাওয়া শুরু হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ২০ বছর ধরে হাঁস-মুরগি পালন, মৎস্য এবং সর্বশেষ তামাক চাষ করেও পরিবারে আর্থিক সচ্ছলতা আসেনি। এক বছর আগে ২৫ হাজার টাকায় একখণ্ড (৪০ শতক) জমি বর্গা নিয়ে যখন পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করি, তখন অনেকে আমার কর্মকাণ্ডকে পাগলামি বলে আখ্যা দেয়। তবুও সাহস করে কাজ চালিয়ে গেছি। এতে যথেষ্ট সফলতাও পাচ্ছি।’সরেজমিনে দেখা গেছে, কাকারা ও আশপাশের গ্রামগুলোর বিস্তীর্ণ জমি ও মাতামুহুরী নদীর দুই তীরের বিশাল চরে সবুজের সমারোহ। তবে এ সবুজ পরিবেশের জন্য ক্ষতিকারক তামাকখেতের। এ তামাকের ভিড়ে ছোট্ট একটি জমিতে চাষ হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ও ফলের রানি খ্যাত সুস্বাদু ফল স্ট্রবেরি।রেজাউল জানান, বন্যায় মাতামুহুরী নদীর পলি পড়ে জমি উর্বর হওয়ায় স্ট্রবেরি চাষের জমিতে কোনো রাসায়নিক সার কিংবা পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে কীটনাশকও ব্যবহার করতে হয় না। তবে পাখির উৎপাত থেকে রক্ষায় খেতের চারদিকে জাল দিয়ে ঘেরা দিতে হয় এবং স্ট্রবেরি চারা রোপণের সময় গোবর ও ছাই (জৈবসার) দিতে হয়। রেজাউল করিম আরও জানান, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুর হোসেনের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার পর রাজশাহী থেকে সাড়ে চার হাজার চারা এনে টিস্যু কালচার পদ্ধতিতে এক কানি জমিতে লাগিয়েছেন। রাবি-৩ জাতের এই স্ট্রবেরি চারা রোপণের পর ৬০ দিনের মাথায় ফল দেওয়া শুরু করে এবং প্রতিদিন গড়ে ২৫-৩০ কেজি স্ট্রবেরি খেত থেকে তোলা হচ্ছে। প্রচুর চাহিদা থাকায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা উৎপাদিত স্ট্রবেরি সরাসরি খেত থেকেই নিয়ে যাচ্ছেন।রেজাউল জানান, আগামী মে মাস পর্যন্ত খেত থেকে আনুমানিক দুই হাজার কেজি (দুই টন) স্ট্রবেরি তোলা যাবে। এতে প্রতিকেজি ৫০০ টাকা হিসেবে তাঁর আয় হবে প্রায় ১০ লাখ টাকা। নিজের শ্রম বাদ দিয়ে জমির লাগিয়ত, শ্রমিকের মজুরি, চারা কেনাসহ অন্যান্য খাতে খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ থাকবে আট লাখ টাকারও বেশি। স্ট্রবেরি চাষে অন্যদের উৎসাহিত করতে চান রেজাউল করিম। তাই আগামী বছর ২০ লাখ চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন তিনি। এতে ভবিষ্যতে প্রতিকেজি স্ট্রবেরি ১০০ টাকায় বিক্রি করলেও চাষিকে কোনো লোকসান গুনতে হবে না। তাঁর দাবি, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে কৃষকেরা স্ট্রবেরি চাষে ঝুঁকবে। এতে তামাক আগ্রাসন যেমন ঠেকানো যাবে, তেমনি মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি অল্প পুঁজি বিনিয়োগ করে আর্থিকভাবে লাভবান হবে কৃষকেরা। স্থানীয় বাসিন্দা ও চকরিয়া সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম ছিদ্দিকী বলেন, ‘প্রতিবছর তামাক চাষ প্রসারের ফলে ফসলি জমি একেবারে কমে গেছে। শিক্ষিত যুবক রেজাউলের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আশা করা যায়, তাঁর সাফল্য দেখে তামাক চাষ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নেবেন।’ তিনি জানান, এলাকার কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে স্ট্রবেরি চাষে সৃষ্টি নামের একটি সংগঠন সার্বিক সহায়তা দেওয়ার চিন্তা-ভাবনা করছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘এলাকায় স্ট্রবেরি চাষে আগ্রহী কৃষকদের মাতামুহুরী নদীর দুই তীরের খাসজমি ইজারা দেওয়া হবে। ইতিমধ্যে এ ব্যাপারে এলাকায় মাইকযোগে প্রচারণা চালিয়ে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে।’ এ ছাড়া স্ট্রবেরিচাষিদের সম্ভাব্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।