চকরিয়ায় দুই চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসার অভিযোগে কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতালের দুজন চিকিৎসক ও তিনজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। গত রোববার চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন চকরিয়া পৌরসভার পালাকাটা গ্রামের বাসিন্দা ওবাইদুল হাকিম। আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত ওসমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, পরিচালক (প্রশাসন) রিয়াজ মোহাম্মদ রফিক ছিদ্দিকী, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়েজুর রহমান ও গাইনি সার্জন নাসিমা আকতার।
মামলার আরজিতে ওবাইদুল হাকিম দাবি করেন, ২০১৬ সালের ১১ অক্টোবর দুপুর দুইটার দিকে তাঁর স্ত্রী মঞ্জু আরা বেগমকে জমজম হাসপাতালে ভর্তি করান। ওই দিন কর্তব্যরত চিকিৎসক নানা পরীক্ষার কথা বলে কোনো চিকিৎসা না দিয়ে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বসিয়ে রাখেন। একপর্যায়ে জরায়ুর রক্তক্ষরণ বন্ধ করতে অস্ত্রোপচার করেন। দুই দিন পর রোগীকে সুস্থ দেখিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়িতে নেওয়ার পর মঞ্জু আরার শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে এক মাস চিকিৎসা করানোর পর মঞ্জু আরা মোটামুটি সুস্থ হন। বাদী দাবি করেন, জমজম হাসপাতালে তাঁর স্ত্রীকে ভুল চিকিৎসা করা হয়েছে। এতে তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জানতে চাইলে হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, এখানে ভুল চিকিৎসা হয় না। তারপরও রোগীদের অভিযোগ থাকেই। তবে তিনি যথাযথ তদারকির অভাবে কিছু ভুল–বোঝাবুঝি হচ্ছে বলে স্বীকার করেন। মামলার ব্যাপারে তিনি বলেন, কেউ অসন্তুষ্ট হলে তিনি আদালতে যেতে পারেন। তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘আদালতের কোনো কপি আমার কাছে পেঁৗছায়নি। কপি হাতে পেলে তদন্ত করা হবে।’
এদিকে গত বছরের ৬ আগস্ট এই হাসপাতালে সাপে কাটা রোগী লক্ষ্যারচর ইউনিয়নের জহির আহমদ পাড়ার বাসিন্দা শাহেনা বেগম (৪৫) মারা যান। এ সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেন এলাকার লোকজন ও রোগীর স্বজনেরা। একইভাবে ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর হাসপাতালটিতে মারা যায় তিন মাস বয়সী শিশু সায়মা আকতার। ওই সময়ও ভুল চিকিৎসার অভিযোগে জানালার কাচ ও আসবাব ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। সায়মা কৈয়ারবিল ইউনিয়নের ছোয়ালিয়াপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। ওই বছরের ২৮ ডিসেম্বর পেটের পীড়া নিয়ে জমজম হাসপাতালে ভর্তি হন চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার মাশুক আহমদের স্ত্রী রাবেয়া খাতুন (৫২)। হাসপাতালের চিকিৎসক তাঁকে একটি ইনজেকশন পুশ করলে রোগীর পুরো শরীর ফুলতে থাকে এবং কালচে আকার ধারণ করে। দুই ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাবেয়া। ওই সময় রোগীর স্বজনেরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান ও কয়েকজনকে মারধর করেন। প্রতিটি অভিযোগের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করে।