চকরিয়ায় দুই ভাইয়ের লড়াই
চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র জাফর আলমের সঙ্গে ভোটযুদ্ধে নেমেছেন তাঁর বড় ভাই আবুল হাশেম। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী। আপন দুই ভাইয়ের লড়াই জমে ওঠায় ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, অনেকে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কাকে ভোট দেবেন, এ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন আত্মীয়-স্বজনেরাও। ইতিমধ্যে দুই ভাই কোমর বেঁধে মাঠে নেমেছেন। মেয়র পদপ্রার্থী দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, সমালোচনা করছেন। ২৭ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন হবে। জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দারকে চারদলীয় জোটের একক মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু পৌর বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী আবুল হাশেম বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে নামেন। একাধিক প্রার্থী নিয়ে বড় দুই দলের নেতারা বেকায়দায় পড়লেও দুই ভাইয়ের লড়াই এখন সবচেয়ে আলোচিত ঘটনা। দুই ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ আছে। জাফর আলমের বিরুদ্ধে থানায় ১৪ ও আবুল হাসেমের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক স্থানীয় নেতা জানান, এমনিতে জাফর আলম দলের একাধিক বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় রয়েছেন। তার ওপর আপন বড় ভাই প্রার্থী হওয়ায় পরিবারের ভোটগুলো ভাগাভাগি হয়ে যাবে। এতে লাভবান হবে চারদলীয় জোটের প্রার্থী। অন্যদিকে বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা জানান, বিদ্রোহী প্রার্থী হলেও আবুল হাশেমের পরিচিতি রয়েছে। সাবেক চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। এতে বিপদে পড়তে পারেন বিএনপির প্রার্থী নুরুল ইসলাম হায়দারও। তবে শেষ পর্যন্ত দুই ভাইয়ের মধ্যে লড়াই হতে পারে বলেও অনেক ভোটার মন্তব্য করেন। দুই ভাইয়ের নির্বাচন প্রসঙ্গে আবুল হাশেম বলেন, ‘২০০৩ সালের নির্বাচনে আমি বিএনপির মেয়র পদপ্রার্থী ছিলাম। কিন্তু ছোট ভাই জাফর আলমের আবদার ও এলাকার লোকজনের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়াই। ওই সময় জাফর আলম কথা দিয়েছিল পরের বার সে প্রার্থী হবে না। কিন্তু সে ওয়াদার বরখেলাপ করে। তাই আমি প্রার্থী হয়েছি।’ আবুল হাশেম দাবি করেন, সাবেক চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। এসব কথা ভোটারেরা ভোলেননি। জাফর আলম জানান, ‘আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি। এ ক্ষেত্রে বড় ভাইকে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচন করা না-করা নিয়ে কারও সঙ্গে কথা হয়নি। এ মুহূর্তে দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হচ্ছে।’ চিরিঙ্গা এলাকার ভোটার কেরামত উল্লাহ ও সালাহউদ্দিন জানান, গত পাঁচ বছরে মেয়র জাফর আলম পৌরসভার যথেষ্ট উন্নয়ন করেছেন। কিন্তু বড় ভাই আবুল হাশেম জাফরের জন্য পথের কাঁটা হতে পারেন।নগদ টাকা জাফরের, সম্পদ হাশেমেরগত ২৯ ডিসেম্বর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছে জমা দেওয়া হলফনামায় সম্পদের তথ্যবিবরণী অনুযায়ী, নগদ টাকার মালিক জাফর আলম এবং স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক আবুল হাসেম। জাফর আলমের নগদ টাকা রয়েছে চার লাখ। ব্যাংক হিসাবে জমা আছে দুই লাখ। এ ছাড়াও রয়েছে তিন লাখ টাকা দামের একটি কার, দুই লাখ টাকার স্বর্ণ ও ইলেকট্রনিকসামগ্রী, এক লাখ টাকার আসবাব। জাফর আলমের নিজের নামে জমি রয়েছে ৬০ শতক। যৌথ মালিকানায় ৪০ শতক ও ২০ একর চিংড়ি প্রকল্প।আবুল হাসেমের নগদ টাকা দেখানো হয়েছে মাত্র ১০ হাজার। ব্যাংক হিসাবে ১৩ লাখ ১৮ হাজার ৩৫৪ টাকা। এফডিআর চার লাখ টাকা। এ ছাড়াও একটি মাইক্রোবাস, স্ত্রীর নামে ১০ তোলা স্বর্ণ ও নগদ তিন হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয়েছে। হাশেমের নিজের নামে কৃষি জমি রয়েছে দুই একর। রয়েছে কয়েক কোটি টাকা দামের হাসেম মার্কেট, ওয়েস্টার্ন প্লাজা ও একটি অত্যাধুনিক বাড়িসহ আরও কিছু সম্পত্তি। জাফর আলম স্ত্রীর নামে বাড়ি তৈরির জন্য ব্যাংক ঋণ নিয়েছেন ১০ লাখ টাকা। আর আবুল হাসেমের ব্যাংক ঋণ রয়েছে ৫৩ হাজার টাকা।