চকরিয়ায় দেড় মাস ধরে গৃহবধূ নিখোঁজ পাল্টাপাল্টি মামলা
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলকার গৃহবধূ বুলবুল জান্নাতের রহস্যজনক নিখোঁজ হওয়া নিয়ে বেকায়দায় পড়েছে পুলিশ। গত দেড় মাসেও পুলিশ তাঁর খোঁজ পায়নি। গৃহবধূর নিখোঁজ হওয়া নিয়ে তাঁর শ্বশুর ও বাবার বাড়ির পক্ষের লোকজন একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অপহরণ মামলা করেছেন।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০০৮ সালের ২৭ জুন উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে বুলবুল জান্নাতের (২২) সঙ্গে চাচাতো ভাই আমির হোসাইনের (২৪) বিয়ে হয়। বিয়ের এক মাসের মাথায় বিদেশ পাড়ি দেন স্বামী আমির হোসাইন। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী বুলবুল বাবার বাড়িতে থাকতেন। কিন্তু গত ২৪ মার্চ থেকে গৃহবধূ বুলবুল জান্নাত নিখোঁজ হন। পুলিশ জানায়, গত ২৭ মার্চ বুলবুল জান্নাতের বড়ভাই নুরুল কাদের বাদী হয়ে স্বামীর (আমির হোসেন) ভাই আবু তাহের, আলী হোছন, নাজেম উদ্দিন ও মা মাসুদা বেগমসহ চারজনকে আসামি করে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ এ পর্যন্ত বুলবুল জান্নাতের সন্ধান পায়নি। নুরুল কাদের বলেন, ‘বুলবুল কোথাও আছে, তার শ্বশুর-ভাসুররা জানেন।’ এদিকে, ৯ মে আমির হোসেনের বড় বোন মিনহা বেগম বাদী হয়ে একই অভিযোগে নিখোঁজ গৃহবধূ বুলবুল জান্নাতের ভাই নুরুল আবচার, নুরুল কাদের, নুরুল আলম, রফিক আহমদ, বাবা সিরাজ মিয়াসহ সাতজনকে আসামি করে চকরিয়া থানায় আরেকটি পাল্টা মামলা করেন। এ পর্যন্ত দুই মামলায় অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মিনহা বেগম দাবি করেন, তার ছোট ভাই আমির হোসাইন বিদেশ থেকে স্ত্রী বুলবুল জান্নাতের কাছে নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার স্বর্ণালংকার পাঠান। এসব লুটপাট করার জন্য পরিবারের সদস্যরা বুলবুল জান্নাতকে কোথাও আটকে রেখেছেন। দুই মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, গৃহবধূ বুলবুল জান্নাত অন্যের হাত ধরে পালিয়ে গেল, নাকি কেউ অপহরণ করেছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আমরা নিখোঁজ বুলবুলকে উদ্ধারের চেষ্টা করছি। তাঁকে উদ্ধার করা গেলেই সব রহস্য বেরিয়ে আসবে। এ ছাড়া পাল্টাপাল্টি দুই মামলার আসামি হিসেবে দুই পরিবারের অভিযুক্ত ১১ জন আত্মগোপন করায় কাউকে ধরা যাচ্ছে না।