চকরিয়ায় নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রায় সামনে চারজন কিশোর-কিশোরীর হাতে বাংলাদেশের বিশাল আকারের পতাকা। অন্যদের কারও হাতে লাল–সবুজের ছোট্ট পতাকা, কারও হাতে ‘দুর্নীতি থামান’ লেখা প্ল্যাকার্ড।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলায় গত সোমবার ব্যতিক্রমধর্মী এ শোভাযাত্রার আয়োজন করে চকরিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদক)। ওই দিন সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে এ শোভাযাত্রা উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। পরে শোভাযাত্রাটি চকরিয়ার প্রধান কয়েকটি সড়ক ঘুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় মানববন্ধন।
সনাক সভাপতি ও ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক জসিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব উল করিম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক আবদুল মজিদ, ওমর আলী, চকরিয়া কলেজ শিক্ষক সমিতির সভাপতি এ কে এম সাহাব উদ্দিন, সনাকের সদস্য জিয়াউদ্দিন, মোহাব্বত চৌধুরী, রূপম কুমার সুশীল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমন প্রমুখ।
মানববন্ধন শেষে দুপুর ১২টার দিকে চকরিয়া পৌর শহরের পুরাতন বিমানবন্দর এলাকায় বিজয় মঞ্চে শুরু হয় দুর্নীতিবিরোধী কবিগান। এ সময় চট্টগ্রামের কবিয়াল মো. ইউসুফ কবিগানের মাধ্যমে দুর্নীতির বিভিন্ন ক্ষতিকর দিক উপস্থিত জনতার সামনে তুলে ধরেন। রাতে বিজয় মঞ্চে দুর্নীতিবিরোধী ভিডিও নাটক পরিবেশিত হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় বিজয় মঞ্চে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ছিদ্দিকীর সহধর্মিণী জওশন আরা বেগম।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হলেও ওই দিন শুক্রবার থাকায় ১২ ডিসেম্বর দিবসটি উদ্যাপন করে চকরিয়া সচেতন নাগরিক কমিটি।