পল্লী বিদ্যুতের অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল পাঁচটায় হারবাং উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন জাহেদ হোসাইন খান, ফিরোজ আহমদ, রফিকুল আহছান, মুরাদ উদ্দিন চৌধুরী, মেহরাজ উদ্দিন, শফিউল আজম, রায়হান আলভী, আনোয়ারুল আজিম, মো. আমজাদ, মো. শাহেদ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। কিন্তু মাস শেষে ঠিকই আগের মতো বিল আসছে। ভুতুড়ে বিল তৈরি করে মানুষকে হয়রানি করা হচ্ছে। পল্লী বিদ্যুতের নৈরাজ্য ও অনিয়ম বন্ধ না হলে গণস্বাক্ষর, স্মারকলিপি ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।
সমাবেশে আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১৫১ সদস্যের সংগ্রাম কমিটি গঠন করা হয়। কমিটিতে জাহিদ হোসাইন খানকে সভাপতি, মেহরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক, মো. আলমগীরকে কোষাধ্যক্ষ, মোসলেম উদ্দিনকে প্রচার সম্পাদক ও মো. পাপেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।—চকরিয়া প্রতিনিধি