চকরিয়ায় পাহাড় কাটা চলছেই
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটা চলছে। কয়েকটি এলাকায় পাহাড় কাটার স্থান সরেজমিনে পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করা হলেও বন্ধ হয়নি এই পরিবেশবিনাশী কার্যক্রম।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরিবেশ অধিদপ্ত আরও কঠোর হলে পাহাড় কাটা বন্ধ হতো। উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কাটা হলেও এ বছরের জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কেবল দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুল হোসেন জানান পাহাড় কাটার অভিযোগে আরও কয়েকটি মামলা করার প্রস্তুতি চলছে। সম্প্রতি বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, কুতুব বাজারের উত্তর পাশে প্রায় ৩০ ফুট উচ্চতার একটি পাহাড়ের তিন-চতুর্থাংশ কেটে সাবাড় করা হয়েছে।
পাশাপাশি বরইতলী উচ্চবিদ্যালয়ের পাশের টিলার একটি অংশ কেটেছে অপর একটি চক্র। কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ স্থানগুলো পরিদর্শন করে গত ২৯ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬-খ ধারায় একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাহাড় কাটার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে মামলা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিয়াজুল ইসলাম বলেন, ‘পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ভালো কাজের জন্য (মাঠ ভরাটের জন্য) মসজিদ কমিটির লোকজন পাহাড়ি টিলার ঝুঁকিপূর্ণ অংশ কেটে নিয়েছেন বলে জানি।’
এদিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকা পরিদর্শন করে দেখা গেছে, সেখানকার একটি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড়ের মাটি দিয়ে পেট্রলপাম্পের জন্য নির্ধারিত জায়গা ভরাট করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনের বিরুদ্ধে মামলাও করেছে। এ ছাড়াও রিংভংয়ের কুমারীছড়া এলাকায় অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে যেকোনো মুহূর্তে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। খুটাখালী ইউনিয়নের মেধা কচ্ছপিয়া, গর্জনতলী, বরইতলী ইউনিয়নের বানিয়রছড়া ঢালা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর ঢালা এলাকার পাহাড় কেটে সেখানে বসতি গড়ে তোলা হয়েছে। এসব এলাকায় নদীভাঙা দরিদ্র মানুষজন ঝুঁকি নেয়ে বসবাস করছেন।
জানতে চাইলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মঈনুল হোসেন বলেন, ‘আমাদের কাছে চকরিয়ার পাহাড় কাটার বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা নেই। যথেষ্ট লোকবল না থাকায় খবর পেয়েও অভিযান চালানো যায় না। এ ছাড়া যেসব এলাকায় পাহাড় কাটা হয় তার অধিকাংশই সংরক্ষিত বনাঞ্চল। সেখানে বন বিভাগের অনুমতি ছাড়া আমাদের করার কিছু থাকে না।’
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, ‘জনবলসংকটের কারণে ইচ্ছে থাকার পরও দায়ীদের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এর পরও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পরিবেশবিধ্বংসী কাজে যেসব লোক জড়িত হয়েছে তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।