চকরিয়ায় বনের পাশে ৪৬টি করাতকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার হারবাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি অবৈধ করাতকলের সামনে জ​েড়া করে রাখা হয়েছে বনের গাছ l প্রথম আলো
চকরিয়ার হারবাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি অবৈধ করাতকলের সামনে জ​েড়া করে রাখা হয়েছে বনের গাছ l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ৫৫টি করাতকল রয়েছে। এর মধ্যে ৪৬টি করাতকলই অবৈধ। এসব করাতকল উচ্ছেদে বন বিভাগ ও প্রশাসনের গরজ নেই।
বন বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়নের মধ্যে ফাঁসিয়াখালী ও বমুবিলছড়িতে কোনো করাতকল নেই। অন্য ১৬টি ইউনিয়নে ৪২টি করাতকল রয়েছে। চকরিয়া পৌরসভায় আছে ১৩টি করাতকল। এসব করাতকলের মধ্যে নয়টির মাত্র অনুমোদন রয়েছে। ৪৬টি করাতকল চলছে অবৈধভাবে। বনাঞ্চলের তিন কিলোমিটারের ভেতরে হওয়ায় বন বিভাগ এসব করাতকলের অনুমোদন দেয়নি।
লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট এলাকার একটি করাতকলের মালিক আবুল কালাম বলেন, ‘করাতকলের লাইসেন্স নিতে কয়েকবার আবেদন করা হয়েছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় আমাদের করাতকলগুলো অবৈধ থেকে গেছে।’ তবে করাতকলে সংরক্ষিত বনের গাছ চেরাই হচ্ছে না দাবি করে তিনি বলেন, মানুষের বসতভিটার গাছ চেরাইয়ের জন্য করাতকল বসানো হয়েছে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শাহ ই আলম প্রথম আলোকে বলেন, করাতকল স্থাপনের পর অনেকে লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু বন বিভাগের পাশে গড়ে ওঠায় করাতকলগুলোর অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, অবৈধ করাতকল উচ্ছেদে শিগগরই ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজন জানান, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও কাঠ পাচারকারী চক্র এসব করাতকল বসিয়েছে। প্রতি রাতে বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে চেরাইয়ের জন্য করাতকলে নেওয়া হয়। গভীর রাতে চেরাই শেষে কাঠগুলো বিভিন্ন ট্রাক ও নৌকায় করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বন উজাড়ের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ।
বন বিভাগ সূত্র জানায়, ২০১৩ সালের ২৩ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় বন বিভাগ ডুলাহাজারা বাজারের পাঁচটি করাতকলে অভিযান চালিয়ে ১০ হাজার ঘনফুট কাঠ জব্দ করে। তবে অভিযানের এক মাস না পেরোতেই ফের চালু করা হয় করাতকলগুলো।
সরেজমিন দেখা গেছে, চকরিয়া উপজেলার খুটাখালী বাজার ও ডুলাহাজারা বাজারে চারটি করে, পহরচাঁদা, বদরখালী বাজার ও বেতুয়া বাজার এলাকায় তিনটি করে এবং পৌরসভার দিগরপানখালী এবং মৌলভীরকুমে দুটি করে করাতকল আছে।
এ ছাড়া লামার চিরিঙ্গা,বাঁশঘাট, মগবাজার,শিকলঘাট, একতা বাজার, রসুলাবাদ, শান্তিবাজার, ডেইঙ্গাকাটা, ইলিশিয়া বাজারে, মরংঘোনা, আকতার মিয়ার কাছারী এলাকা, বহদ্দারকাটা, রামপুর, বাটাখালী সেতু এলাকা, নাথপাড়া, নয়াপাড়া, মাঝেরফাঁড়ি সেতু এলাকা ও মানিকপুর মগপাড়া এলাকায় একটি করে করাতকল আছে। এসব করাতকলের অবস্থান নদী ও সড়ক ঘেঁষে। জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন বিভাগের তথ্য নিয়ে অবৈধ করাতকলগুলোয় অভিযান চালানো হবে। চকরিয়া উপজেলায় অবৈধ করাতকল থাকবে না, শিগগরই অভিযান চালিয়ে এসব উচ্ছেদ করা হবে।