‘সমান অধিকারে, সমান সুযোগে, এগিয়ে যাব একসাথে’, ‘আজকের নারীর অঙ্গীকার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার’ প্রতিপাদ্য সামনে রেখে চকরিয়ায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। বিমানবন্দরের বিজয় মঞ্চ থেকে সকাল ১০টায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধন করেন পৌর মেয়র জাফর আলম। শোভাযাত্রাটি পৌর এলাকা প্রদক্ষিণ করে। চিরিংগা মোটর স্টেশনে বিশাল মানববন্ধন হয়। কোরক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয় নারীনেত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা। নারী দিবস উদ্যাপন কমিটির সভাপতি শাহেনা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) যুগ্ম আহ্বায়ক নূরজেহান এশরাক, আইএসডিইর নির্বাহী পরিচালক নাজের হোছাইন, মুক্তিযোদ্ধা কমান্ডার বশিরুল আলম, মো. জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ইয়াহিয়া আহমেদ, মইনুল ইসলাম, হুমায়ুন মোল্লা, পারভীন বানু, শাহানা বেগম, জারিয়াতুল মোস্তফা ও নাজমা আক্তার।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া সনাক-টিআইবির উদ্যোগে স্যাটেলাইট তথ্য ও পরামর্শ ডেস্ক কার্যক্রম পরিচালনা ও দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। উপজেলা প্রশাসন, আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন কমিটি, পৌরসভা, আইএসডিই, সনাক, কর্মনীড়, এসএআরপিভি, উবিনিগ, কারিতাস, প্রশিকা, একলাব, সূর্যের হাসি ক্লিনিক, মেরি স্টোপস ক্লিনিক, সুশাসনের জন্য নাগরিক এই অনুষ্ঠান আয়োজন করে। টিআইবি ও সিএসডিএফ চট্টগ্রাম অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা দেয়।