টানা হরতালের পর জমে উঠেছে চকরিয়ার ঈদ বাজার। প্রতিটি বিপণিকেন্দ্রে ক্রেতার ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। দোকানিদের দম ফেলার ফুরসত নেই।গত শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, চকরিয়া পৌর শহরের আনোয়ার শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, রূপালী শপিং কমপ্লেক্স, চকরিয়া সুপার মার্কেট, চকরিয়া শপিং কমপ্লেক্স, রওশন মার্কেট, বাবু মিয়া বাজার, বাবুল শপিং কমপ্লেক্স, সোসাইটি মসজিদ মার্কেট ও সমবায় সমিতি মার্কেটের সবকটি দোকানেই গম গম করছে ক্রেতা। বিক্রেতারা জানান, এবার মেয়েদের থ্রি-পিসের মধ্যে বেশি চাহিদা আনারকলি, শিলা, ছাম্মাকছাল্লো, ঝিলিক, ফুলকলি নামের পোশাকের। শাড়ির মধ্যে কদর জামদানি, বেনারশি ও কাতানের। এ ছাড়া বাচ্চাদের পোশাক, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সমান তালে বিক্রি হচ্ছে। বিভিন্ন দোকানে জামদানি ও কাতান শাড়ি দুই হাজার ৫০০ থেকে ১৮ হাজার টাকা, থ্রি-পিস ৭০০ থেকে ২০ হাজার, টি-শার্ট ৫০০ থেকে এক হাজার ৫০০, পাঞ্জবি এক থেকে পাঁচ হাজার, শিশুদের পোশাক ৫০০ থেকে দুই হাজার ৫০০, প্যান্ট ৯০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।আনোয়ার শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে আসা বরইতলী ইউনিয়নের সিকদারপাড়া এলাকার গৃহবধূ রোখসানা সুলতানা বলেন, এবার কাপড়ের দাম বেশি। কয়েকদিন পর কাপড়ের দাম আরও বাড়বে। তাই আগে থেকে কেনাকাটা শুরু করেছে।চকরিয়া সুপার মার্কেটের ইপসা স্টোরের স্বত্বাধিকারী সাব্বির আহমদ বলেন, বৃহত্তর চকরিয়ার ৭০ ভাগ মানুষ লবণ শিল্পের ওপর নির্ভরশীল। চলতি মৌসুমে চাষিরা লবণের ন্যায্যমূল্য না পাওয়ায় এর প্রভাব পড়েছে ঈদ বাজারে। সুপার মার্কেটের সৌদিয়া ক্লথ স্টোরের স্বত্বাধিকারী মুজিবুল হক বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার কাপড়ের দাম একটু বেশি হলেও গুনগত মান উন্নত। ফলে ক্রেতারা পছন্দের পোশাক কিনতে দামটা খুব একটা মাথায় রাখছে না।এদিকে ঈদ বাজারে কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়া থানায় ‘অপারেশন কুইক সার্ভিস’ চালু করা হয়েছে। ছিনতাইকারী কিংবা বখাটের উৎপাত রোধে এ সার্ভিস চালু করেছে পুলিশ। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, অপারেশন কুইক সার্ভিস চালুর ফলে এবারের ঈদ বাজারে নির্বিঘ্নে কেনাকাটা করা যাবে। এ ছাড়া যে কোনো ঘটনা দুর্ঘটনায় লোকজন দ্রুত সেবা পাবেন।