চকরিয়ায় বোরোর আবাদ বেড়েছে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এবার বোরোর আবাদ বেড়েছে। মাতামুহুরী নদীতে রাবার ড্যাম নির্মিত হওয়ায় উপজেলায় চাষের আওতায় এসেছে পাঁচ হাজার ৫০০ একর জমি।
১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ৪৬ হাজার একর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গত বোরো মৌসুমে ছিল ৪০ হাজার ৫০০ একর।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ জানান, গত বছর মাতামুহুরী নদীতে দুটি রাবার ড্যাম নির্মিত হওয়ায় চলতি শুষ্ক মৌসুমে তার সুফল পাচ্ছেন কৃষকেরা। এ কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে চাষাবাদের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার লক্ষ্যারচর, চিরিঙ্গা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, বমুবিলছড়ি, কাকারা, সুরাজপুর, মানিকপুর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, সাহারবিল, পূর্ব ও পশ্চিম বড় ভেওলা, ঢেমুশিয়া, কোনাখালী, বদরখালী, বিএম চর ইউনিয়ন এবং পৌরসভা এলাকার ৪৬ হাজার একর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, চকরিয়ার পালাকাটা ও পেকুয়ার বাঘগুজারা এলাকায় ৫৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। গত বছরের ১১ মে মাতামুহুরী সেচ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় নির্মিত ওই রাবার ড্যাম দুটি উদ্বোধন করেন তৎকালীন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘১৯৭২ সালে পেকুয়া ও চকরিয়ায় শুষ্ক মৌসুমে চাষ করতে বঙ্গবন্ধু মাটির বাঁধ তৈরি করে দেন। আর ২০১৩ সালে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাবার ড্যাম নির্মাণ করে দিয়েছেন। এতে দুই উপজেলার ৬৪ হাজার একর জমি চাষাবাদের আওতায় এসেছে। সুফল ভোগ করছে ছয় লাখ মানুষ।’