চকরিয়ায় ভুয়া মেজর গ্রেপ্তার
চকরিয়ার বিএমচর ইউনিয়নের উত্তর বহদ্দারকাটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে লোকমান হাকিম (২৮) পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। এক দিন পাশের এলাকার সেনাবাহিনীর এক কর্মকর্তা লিবিয়ায় মানুষ পাঠাচ্ছেন শুনে যোগাযোগ করেন তাঁর সঙ্গে। কথা মতো জমি বন্ধক, ধারদেনা ও মা-বোনের অলংকার বিক্রি করে লোকমান এক লাখ ৮০ হাজার টাকা তুলে দেন কথিত সেনা কর্মকর্তার হাতে। প্রায় দেড় বছর আগে লোকমান টাকা দিয়ে স্বপ্নের দেশ লিবিয়ার ভিসা পাওয়া তো দূরের কথা, উল্টো নানা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে এখন সর্বস্বান্ত। শুধু লোকমান নন, এ রকম বিদেশ পাঠানোর নামে অন্তত অর্ধশতাধিক মানুষ প্রতারিত হয়েছেন কথিত মেজরের নেতৃত্বাধীন প্রতারকচক্রের হাতে। গত মঙ্গলবার পুলিশ চক্রের হোতা মেজর পরিচয়দানকারী আবদুল মান্নান সিকদারকে (৪২) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া গ্রামের মো. আবু তাহের সিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল মান্নান ও তাঁর সহযোগীরা বিদেশ পাঠানোর নামে প্রায় সাড়ে ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ এনে লোকমান হাকিম, নুরুল আমিন, ছৈয়দুল করিম, আবদুর রাজ্জাক, বেলাল উদ্দিন, আজগর আলী, নুরুল হোসেন জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। তাঁদের বাড়ি বিএমচর ও কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মঙ্গলবার তাঁর কার্যালয়ে আবদুল মান্নানকে ডেকে পাঠান। তাঁকে গ্রেপ্তারের খবর পেয়ে প্রতারিতরা চকরিয়া থানায় এসে ভিড় জমান। প্রতারণার শিকার বেলাল উদ্দিন ও আজগর আলী জানান, তাঁরা বিদেশ যেতে না পেরে মান্নানের কাছে টাকা ফেরত চাইলে তিনি ডিজিএফআইয়ের মেজর পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান। এ ছাড়া অনেককে ঢাকায় নিয়ে হোটেলে আটকে রেখে নির্যাতন করে স্ট্যাম্পে সই আদায় করেছেন। কেউ টাকা খুঁজতে গেলে তিনি সেনাবাহিনীর পোশাক পরা একটি ছবি ধরিয়ে দিয়ে বলতেন, ‘বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না।’আরেক প্রতারিত নুরুল আমিন বলেন, ‘জীবনের সব সম্বল শেষ করে মেজর মান্নানকে দুই লাখ টাকা দিয়েছিলাম। এখন সে গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমাদের টাকার কী হবে?’ বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউসুপ জানান, আবদুল মান্নান ভিসা দেওয়ার কথা বলে এলাকার ৮-১০ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। গ্রেপ্তারকৃত আবদুল মান্নান নিজেকে মেজর পরিচয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে এ প্রতিবেদককে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। টাকা নিয়ে বিদেশের ভিসা দিয়েছেন বলে তিনি দাবি করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, ‘আবদুল মান্নান অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকায় বছর-দেড়েক আগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি নানাভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত্ করে আসছিলেন। তার বিরুদ্ধে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে প্রতারণা, জালিয়াতি ও নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে।