চকরিয়ায় ভেজাল বীজ কৃষকের মাথায় হাত
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যততত্র গড়ে উঠেছে ভেজাল বীজ ও কীটনাশক বিক্রির দোকান। এসব দোকান থেকে বীজ কিনে প্রতারিত হচ্ছেন কৃষকেরা। এতে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম পুকপুকুরিয়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, ‘চার মাস আগে চকরিয়া বালিকা বিদ্যালয় সড়কের এক বীজের দোকান থেকে প্রতি প্যকেট ১৩০ টাকা করে ইস্ট ওয়েস্ট কোম্পানির লেভেল লাগানো বরবটির (লাল) বীজ কিনেছিলাম। পরে এসব বীজ জমিতে রোপন করার পর এত দিনেও কোনো ফলন আসেনি। এতে আমার আড়াই লাখ টাকা লোকসান হয়েছে।’
একই গ্রামের কৃষক আবুল কাশেম বলেন, বীজ বোনার তিন থেকে চার মাসের মধ্যে ভালো ফলন হওয়ার কথা। কিন্তু এত দিনেও তাঁর খেতে কোনো ফলন আসেনি। জমির ইজারা খরচ, শ্রমিকের মজুরি, খেত রক্ষণাবেক্ষণসহ অন্তত দুই লাখ টাকা খরচ হয়েছে। ভেজাল বীজের কারণে এই টাকা তুলে আনার আর কোনো সম্ভাবনা নেই।
কৃষক নাছির উদ্দিন বলেন, এক একর জমিতে তিনি বরবটি চাষ করেছেন। ফলনও এসেছে। তবে কেবল ৫ শতাংশ গাছে ফলন এসেছে। এতে তাঁর অন্তত এক লাখ টাকা ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকায় এক গুদামে নামী কোম্পানির খালি প্যাকেটের ভেতরে ভেজাল বীজ ভরা হয়। সেখান থেকে চকরিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করা হয়। এ ছাড়া চকরিয়ার দোকানিরা সেখান থেকে ভেজাল বীজ কিনে এনে এখানে অন্য কোম্পানির লেভেল লাগিয়ে বিক্রি করছেন।
কৃষকেরা জানিয়েছেন, সাত–আট মাস আগে চকরিয়ার কয়েকটি কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভেজাল বীজ ও কীটনাশক জব্দ করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। এরপর দোকানিরা ভেজাল বীজ বিক্রি থেকে সাময়িকভাবে বিরত ছিলেন। এখন কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের তদারকির অভাবে দোকানিরা আবারও ভেজাল বীজ ও কীটনাশক বিক্রি করছেন।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ বলেন, চকরিয়া পৌর শহরের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ভেজাল বীজ ও কীটনাশক জব্দ করার পাশাপাশি কয়েকজন দোকানিকে জরিমানাও করা হয়েছিল। এখন যেহেতু আবার ভেজাল বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগ উঠেছে, সেখানে আরও অভিযান পরিচালনা করা হবে।