চকরিয়ায় যৌথ বন টহল দলের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ১ হাজার ৩০২ হেক্টর আয়তনের ফাঁসিয়াখালী অভয়ারণ্যের টহল দলের ৫৬ জন সদস্য পেলেন শীতবস্ত্র। বন্য প্রাণী সহব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও ক্লাইমেট রিজিলিয়েন্ট ইকোসিস্টেম অ্যালাইভলিহুড (ক্রেল) প্রকল্পের উদ্যোগে টহল দলের সদস্যদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়। সম্প্রতি ফাঁসিয়াখালী সিএমসি কমিটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রেল কর্মকর্তা গাওহার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এ বি এম জসিম উদ্দিন, ক্রেল প্রকল্পের চকরিয়া উপজেলা সমন্বয়কারী আবদুল কাইয়ুম ও ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. শাহ আলম।
বন বিভাগ সূত্র জানায়, চকরিয়া উপজেলার ১ হাজার ৩০২ হেক্টর বনভূমি নিয়ে ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্য গঠিত। ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়া সংরক্ষিত অঞ্চলে বনকর্মীদের সঙ্গে ৯১ জন যৌথ টহল দলের সদস্য বন পাহারা দেন। এঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি টর্চলাইট, বাঁশি, হ্যান্ডমাইক প্রদান করা হয়েছে। —চকরিয়া প্রতিনিধি