চকরিয়ায় রবিশস্য হাসি ফুটিয়েছে কৃষকের মুখে
কক্সবাজারের চকরিয়ায় চলতি মৌসুমে রবিশস্যের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি ফুটেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় ভালো দামও পেয়েছেন কৃষকেরা।
সম্প্রতি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আমানপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষকেরা খেত থেকে কাঁচা মরিচসহ নানা ধরনের ফসল তুলছেন। এলাকার কৃষকেরা জানান, খেত থেকে তাঁরা দৈনিক ৩২ মণ কাঁচা মরিচ তুলছেন। খেতের মরিচ দেশের বিভিন্ন জেলায় সরবরাহও হচ্ছে। মরিচ ছাড়াও ওই গ্রামে আলু, মিষ্টি আলু, চিনাবাদাম, ভুট্টা, আখ, পেঁয়াজ, রসুন, ধনিয়া, ফেলন ডাল, তরমুজ ও ক্ষীরার চাষ হয়েছে।
আমনপাড়ার মতো উপজেলার আরও ৪০টি গ্রামে শীতকালীন সবজির বাম্পার ফলনের পর এবার রবিশস্যের ফলনও ভালো হয়েছে।
ছোলিয়াপাড়ার কৃষক মো. ইসমাঈল (৪৫) বলেন, ‘মাতামুহুরী নদীর তীরে চার কানি জমিতে টমেটো, বাঁধাকপি, ফুলকপি ও কাঁচা মরিচ চাষ করেছি। খরচ পড়েছে এক লাখ ৩০ হাজার টাকা। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করে ইতিমধ্যে দেড় লাখ টাকা আয় হয়েছে।’ তিনি আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে টমেটো ও কাঁচা মরিচ বিক্রি করে আরও দুই লাখ টাকা আয় হবে।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, চকরিয়া উপজেলায় ২০১৩-১৪ মৌসুমে আট হাজার ৮৩০ হেক্টর জমিতে শীতকালীন সবজি ও রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ২২৪ হেক্টর জমিতে বেশি সবজি চাষ হয়েছে।