চকরিয়ায় সংখ্যালঘুদের এলাকা ছাড়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডজন মামলার আসামি বেলাল উদ্দিন ওরফে ভুট্টো ও তার বাহিনীর অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ সংখ্যালঘুরা। কয়েকদিন আগে চাঁদা না পেয়ে ভুট্টো সংখ্যালঘুদের গ্রাম ছাড়ার হুমকি দিয়েছে। অন্যথায় তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হবে হুমকি দিয়েছে। এতে উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী এলাকার ৩০০ সংখ্যালঘু পরিবার আতঙ্কে রয়েছেন। ভুট্টো ও তার বাহিনীর সদস্যরা সংখ্যালঘুদের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাকারা-মানিকপুর সড়কের পুলেরছড়া এলাকায় দুই সংখ্যালঘু মহিলার শ্লীলতাহানি করে সাত ভরি অলংকার ও টাকা ছিনতাই করে। এ ঘটনায় ওইদিন রাতে থানায় মামলা দায়েরের পর পুলিশ বেলাল উদ্দিন (৪০) ওরফে ভুট্টোকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর ভুট্টো আরও বেপরোয়া হয়ে উঠেছে।অভিযোগ পাওয়া গেছে, ছিনতাইয়ের ঘটনায় মামলা করায় বেলাল উদ্দিন তার বাহিনীর সদস্যদের নিয়ে সংখ্যালঘুদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। এতে ওই এলাকার ৩০০ সংখ্যালঘু পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুট্টো বাহিনীর বিরুদ্ধে এক মহিলাকে ধর্ষণ করে গোপনাঙ্গে মরিচের গুঁড়া দেওয়া, অপহরণ, পুলিশের ওপর হামলা, ছিনতাই, গরু চুরি, ডাকাতিসহ অসংখ্য অভিযোগে এক ডজনেরও বেশি মামলা হয়েছে। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে ওই এলাকার সংখ্যালঘু পরিবার ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে রয়েছেন। এই বাহিনীতে প্রতারক ও সন্ত্রাসীর পাশাপাশি রয়েছে একদল যৌনকর্মী।এদিকে, গত ২২ ফেব্রুয়ারি সংখ্যালঘুদের এলাকাছাড়া ও হুমকি দেওয়ার ঘটনায় ওই এলাকার মেঘনাথ দেসহ ২৪ নারী-পুরুষ চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তাঁরা আশঙ্কা করেন, বেলাল উদ্দিন ও তার বাহিনীর সদস্যরা যেকোনো মুহূর্তে তাঁদের বাড়ি-ঘরে হামলা চালাতে পারে। ভুক্তভোগীরা জানান, ভুট্টো বাহিনীর সদস্যদের দাবি করা চাঁদা না পেলেই সংখ্যালঘু পরিবারের ওপর নেমে আসে নানা নির্যাতনের খড়্গ। জড়িয়ে দেওয়া হয় নারী নির্যাতনসহ বিভিন্ন সাজানো মামলায়। ওদিকে, দীর্ঘদিন ধরে নানা নির্যাতনের শিকার হয়ে অতিষ্ঠ এলাকার সংখ্যালঘু কয়েক শ নারী-পুরুষ ২ এপ্রিল দুপুরে ভুট্টো ও তার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এলাকায় সামাজিক বৈঠক করেন। ভুট্টো এর আগে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রতারণায় নেমে পড়ে। এলাকাবাসী জানান, ২০০০ সালে কাকারা ইউনিয়ন পরিষদ বেলাল উদ্দিন ভুট্টো ও তার যৌনকর্মীদের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেটের কাছে একটি প্রতিবেদন দিয়েছিলেন। স্থানীয় মুদির দোকানি কালাবাঁশি দে (৪৫) জানান, বেলাল উদ্দিন তিন বছর আগে তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁর ছেলে রূপন দেকে অপহরণ করে রামুর একটি পাহাড়ে নিয়ে যায়। সেখানে ভুট্টো যৌনকর্মী দিয়ে রূপনের সঙ্গে আপত্তিকর ছবি তুলে তিনটি স্টাম্পে সই নেয়। এ ঘটনায় কালাবাঁশির স্ত্রী দিপীকা দে বাদী হয়ে থানায় অপহরণ মামলা করার পর থেকেই ভুট্টো মিথ্যা অভিযোগ সাজিয়ে যৌনকর্মীদের দিয়ে একের পর এক নারী নির্যাতন মামলা দিয়ে তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করে আসছে। এলাকাবাসী অমূল্য রুদ্র (৫৫), চিত্তরঞ্জন রুদ্র (৪৫) ও লাকী রুদ্র (৫০) জানান, ‘ভুট্টো বাহিনীর অত্যাচার-নির্যাতন আর সইতে পারছি না। তারা চার-পাঁচ বছর ধরে আমাদের পাড়ার গরু-ছাগল, যখন যা পায় লুট করে নিয়ে যাচ্ছে। আমাদের পাড়ার অনেকে চাঁদাও দিয়েছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা সালিস-বিচার দিলে আরও অত্যাচার নেমে আসে।’ সমপ্রতি সরেজমিনে জানা গেছে, ভুট্টো জামিনে এসে সংখ্যালঘুদের প্রকাশ্যে হুমকি দেওয়ায় তাঁরা এখন আতঙ্কিত। স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের সদস্য দুলালচন্দ্র দে বলেন, ‘দীর্ঘদিন ধরে ভুট্টো বাহিনীর অত্যাচারে এলাকার সংখ্যালঘুরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করারও সাহস পায় না।’ ভুট্টোর বিরুদ্ধে সর্বশেষ ছিনতাই মামলার বাদী অজিত দে জানান, জামিনে বেরিয়ে আসার পর থেকে ভুট্টো ও তার সহযোগীরা তাঁকে খুঁজছে। তিনি এখন বেশির ভাগ সময় চকরিয়া সদরে এক আত্মীয়ের বাড়িতে রাত কাটাচ্ছেন। নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন আদালতের কিছু কর্মচারীর সঙ্গে ভুট্টোর ভালো সম্পর্ক রয়েছে। সেই সুবাদে নানাভাবে মানুষকে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছে সে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দিন সন্ত্রাসী বেলাল উদ্দিন ভুট্টোর অত্যাচার-নির্যাতনের সত্যতা স্বীকার করে প্রথম আলোকে জানান, ‘সন্ত্রাসী ভুট্টোর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে। সর্বশেষ একটি ছিনতাইয়ের ঘটনায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর পর সে জামিনে বেরিয়ে এসেছে।’ তিনি আরও জানান, ‘সংখ্যালঘুদের হুমকির বিষয়টি জেনে নিরাপত্তার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।’ অভিযুক্ত বেলাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে জানায়,‘আমাকে অযথা হয়রানি করা হচ্ছে।’