চকরিয়ায় সওজের জায়গায় ফের শ্রমিক কার্যালয় নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতুসংলগ্ন এলাকায় নির্মিত পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় l প্রথম আলো
চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতুসংলগ্ন এলাকায় নির্মিত পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় l প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সেতুসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড টাঙিয়ে বহুতল ভবন নির্মাণ করছিল একটি চক্র। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনটি ভেঙে দেওয়ার এক মাসের মাথায় একই স্থানে আবারও ভবন নির্মাণ করেছে চক্রটি।
সওজের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেঙে দেওয়া ভবনটির পিলার তোলা হয়েছে মূল সড়কের প্রায় ১০ ফুট নিচ থেকে। ভবনের নির্মাণ প্রক্রিয়া আবারও শুরুর জন্য এটির সামনেই নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, মাতামুহুরী সেতুসংলগ্ন চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শিকলঘাট সড়কের মাথা এলাকায় সওজের জায়গার ওপর ওপর টিনের ছাউনি দেওয়া অধপাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের সামনে কক্সবাজার জেলা পিকআপ, মিনিট্রাক চালক-শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড টাঙানো হয়েছে। কিন্তু সেখানে কোনো শ্রমিককে নির্মাণকাজ করতে দেখা যায়নি। সড়কের পাশে অবস্থিত একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী জানান, রিয়াজ উদ্দিন নামের একজন শ্রমিকনেতার নির্দেশে এই ভবন নির্মাণের কাজ চলছে। জানতে চাইলে রিয়াজ উদ্দিন বলেন, ‘চকরিয়া পৌর শহরে তীব্র যানজট হওয়ায় আমরা এখানে কার্যালয় নির্মাণ করছি। সওজের জায়গা হওয়ায় আমরা ভবনটি অস্থায়ীভাবে নির্মাণ করছি। পরে সেটি সরিয়ে নেওয়া হবে।’ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জম হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত ১৩ জুন সওজের জায়গা থেকে নির্মাণাধীন কার্যালয়টি উচ্ছেদ করেন।
চকরিয়া সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল আলম বলেন, রিয়াজ উদ্দিন নামের এক ব্যক্তির নেতৃত্বে শ্রমিক সংগঠনের কিছু ব্যক্তি প্রভাব খটিয়ে ভেঙে ফেলা ভবনের সামনে ফের স্থাপনা নির্মাণ করেছেন। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। জানতে চাইলে ইউএনও মো. মোয়াজ্জম হোসাইন বলেন, ‘শুনেছি, উচ্ছেদ করা ওই জায়গা ফের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সওজের সহযোগিতায় সেখানে ফের অভিযান চালানো হবে।’