চকরিয়ায় সাংসদের সঙ্গে শিক্ষক নেতাদের মতবিনিময়
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ মো. ইলিয়াছের সঙ্গে কক্সবাজার প্রাথমিক সহকারী শিক্ষক ফোরামের নেতাদের মতবিনিময় সভা ১১ মে উপজেলা পরিষদ ডাকবাংলোতে অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক নেতারা সাংসদের কাছে তাঁদের দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ ও শতভাগ পদোন্নতি নিশ্চিত করা।
সভায় সংগঠনের সদস্যসচিব আরিফ উদ্দিন বলেন, বর্তমান বেতনকাঠামো অনুসারে সহকারী শিক্ষকদের বেতনকাঠামো প্রধান শিক্ষকদের চেয়ে তিন ধাপ নিচে। যা অযৌক্তিক ও অবমাননাকর। সংগঠনের চকরিয়া উপজেলা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, বর্তমানে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিরাই সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। এ ক্ষেত্রে সহকারী শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। সভায় সাংসদ মো. ইলিয়াছ দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন। আরও বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টা আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক মাহবুল আলম প্রমুখ। —চকরিয়া প্রতিনিধি