চকরিয়ায় সড়ক ও সংরক্ষিত বনের গাছ নিধন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার সংরক্ষিত বন ও সড়কের গাছ নিধন চলছেই। প্রতিদিন বনে ঢুকে কাঠচোরেরা মূল্যবান গাছ কেটে পাচার করছে। এতে পাহাড়গুলো বৃক্ষশূন্য হয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে। অভিযোগ উঠেছে, কাঠচোর থেকে এসব গাছ কিনে নেন কিছু কাঠ ব্যবসায়ী। এসব ব্যবসায়ী বড় আকারের গাছগুলো করাতকলে রেখে ছোট গাছগুলো লাকড়ি বানিয়ে তামাকচাষিদের সরবরাহ করছেন।জানা গেছে, মানিকপুর-সুরাজপুর, কাকারা, বমু-বিলছড়ি, বরইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, কৈয়ারবিল ও ডুলাহাজারা ইউনিয়নের বিস্তীর্ণ জমিতে এ বছর তামাকচাষ হয়েছে। এসব ইউনিয়নে রয়েছে বেশির ভাগ সংরক্ষিত বন। এখন আবার তামাক শুকানো শুরু হয়েছে। ফলে চাষিরা কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে শত শত মণ কাঠ কিনে তামাক শুকানোর চুিল্লতে মজুদ করছেন। এদিকে, ৭ ফেব্রুয়ারি উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে কাকারার তামাকচুল্লি থেকে অন্তত তিন হাজার মণ লাকড়ি উদ্ধার করে। এ ছাড়া পৌর এলাকার নামার চিরিঙ্গা ও মৌলভীরকুম বাজার এলাকার চারটি করাতকল থেকে প্রায় ৫০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।জানা গেছে, ফাঁসিয়াখালী বন রেঞ্জের ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, কাকারা, নলবিলা ও মানিকপুর বিট এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের বরইতলী ও হারবাং বিটের সংরক্ষিত বন থেকে এখন নিয়ন্ত্রণহীনভাবে গাছ কাটা হচ্ছে। অভিযোগ উঠেছে, এলাকার ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী কাঠ পাচারের সঙ্গে জড়িত। কারণ এখন এক মণ লাকড়ি তামাকচাষিদের কাছে ১০০ টাকার বেশি দামে বিক্রি করা যাচ্ছে। এতে এই ব্যবসা তাঁদের কাছে লাভজনক হয়ে উঠেছে। জানা যায়, কাঠচোরেরা ছিকলঘাট-মানিকপুর সড়ক, চিরিঙ্গা-মাছঘাট সড়ক, বানিয়ারছাড়া-মগনামা সড়ক, বিএমচর-ছইন্যারমাঘোনা সড়কসহ উপজেলার গ্রামীণ সড়কের বনায়নের গাছ কেটে পাচার করা হচ্ছে।এদিকে মাতামুহুরী নদীবেষ্টিত মানিকপুরের সংরক্ষিত সেগুনবাগান থেকে প্রতিদিন সংঘবদ্ধ চোরেরা গাছ কেটে পাচার করছে। তবে বন বিভাগের দাবি, জনবলসংকটের কারণে তাঁরা বাগানটি পাহারা দিতে হিমশিম খাচ্ছেন। বন বিভাগ সূত্র জানায়, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের মানিকপুর বিটের মানিকপুর ও সুরাজপুর মৌজায় সংরক্ষিত বনাঞ্চলের আয়তন প্রায় দুহাজার ৭৪২ একর। ১৯৬১ সাল থেকে সরকার কয়েক দফায় এখানে সেগুন, গর্জন, জাম, চাপালিশসহ নানা প্রকৃতির গাছ সৃজন করে। আর সমৃদ্ধ এই বনটি ১০-১২ বছরের মধ্যে প্রায় উজাড় হয়ে গেছে। এর মধ্যে সুরাজপুর মৌজায় গড়ে তোলা ১৯৮৩-৮৪ সালের সেগুনবাগানটি এখনো গাছগাছালিতে ভরপুর। প্রায় ৩৫০ একর আয়তনের বাগানটিই এখন কক্সবাজারের সবচেয়ে সমৃদ্ধ বন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।মানিকপুর বিটের কর্মকর্তা আবদুল হক হাওলাদার প্রথম আলোকে জানান, ‘ছয় মাস আগে আমি এখানে যোগ দেওয়ার পর থেকে গাছ চুরি অনেকটা ঠেকিয়েছি। তবে মাঝেমধ্যে চোরের দল বনে ঢুকে দু-একটি গাছ কেটে নিয়ে যাচ্ছে।’ এলাকাবাসী ও বন বিভাগ সূত্র জানায়, ওই এলাকার ভিলেজারপাড়া, দক্ষিণ সুরাজপুর ও লামার ইয়াংছা এলাকার মোহাম্মদ মানিক, রশিদ আহমদ, কবির আহমদ, আবুল কালাম, আবদুশ শুক্কুর, দেলোয়ার হোসেন, মোস্তাক আহমদ, বেলাল উদ্দিনসহ ২০-২২ সদস্যের একটি বনদস্যুদল রয়েছে। এরা প্রতিদিন রাতে কিংবা দিনে অস্ত্রশস্ত্র নিয়ে বনে ঢুকে গাছ কাটে। বিট কর্মকর্তা আরও জানান, সংঘবদ্ধ কাঠচোরদের একেকজনের বিরুদ্ধে তিন-চারটি করে বন মামলা রয়েছে। বনসংলগ্ন ভিলেজারপাড়া গ্রামের শফি আলম (৬০) ও আবুল হোসেন (৫৫) জানান, ‘আমাদের হাতেই গাছগুলো রোপণ করেছি। তাই চোখের সামনে উজাড় হতে দেখে খুবই কষ্ট লাগে।’ ফাঁসিয়াখালী বিটের কর্মকর্তা মোহাম্মদ শাখায়েত উল্লাহ জানান, ‘কিছু দিন আগে আমি যোগ দিয়েছি। এর মধ্যে আগের চেয়ে গাছ কাটা নিয়ন্ত্রণের মধ্যে আনা গেছে।’ বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা (আরও) মাহমুদ কবির জনবলসংকটের সত্যতা স্বীকার করে জানান, স্বল্পসংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে বন রক্ষা করা কঠিন। তারপরও বন রক্ষায় তাঁরা রাত-দিন দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বলেন, তামাকচাষের কারণে এ অঞ্চলের বন নিধন বাড়ছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, গাছ রক্ষার দায়িত্ব বন বিভাগের। তারপরও গাছনিধন কিংবা পাচারের খবর পেলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন সংরক্ষিত বন ও সড়কের গাছনিধনে উদ্বেগ প্রকাশ করে প্রথম আলোকে জানান, ‘এভাবে গাছনিধনের ফলে এ অঞ্চলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।’