চকরিয়ায় ৯ দিনে চার খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ১৪ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নয় দিনের ব্যবধানে চার ব্যক্তি খুন হয়েছেন। চারজনকেই ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় লোকজনের মধ্যে।
পুলিশ সূত্র জানায়, ২৩ ডিসেম্বর বিকেলে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু বক্করকে (২৫) মনিকপুর নতুন স্টেশন এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। নিহত আবু বক্করের বড় ভাই আবুল কাশেম বলেন, রাজনৈতিক কারণে তাঁর ভাইয়ের ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয় বিএনপির একটি অংশ। তারাই খুন করেছে।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনই যুবলীগের নেতা আবু বক্করকে খুন করেছে। খুনিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় যুবলীগ আন্দোলনের ঘোষণা দেবে। তবে মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাহার ইকবাল বলেন, এ খুনের ঘটনায় বিএনপিকে টেনে আনা উচিত নয়। শোনা যাচ্ছে, খুনের ঘটনাটি জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে। ১৯ ডিসেম্বর সকালে জমির বিরোধকে কেন্দ্র করে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা এলাকার আববদুল আজিজকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন তাঁর তিন ভাই মকসুদ আহমদ (৪০), মোক্তার আহমদ (৪৫) ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাঁরা তিনজনই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।
১৮ ডিসেম্বর বিকেলে উপজেলার সাহারবিল ইউনিয়নের ফাঁড়িরথোড়া এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ রুবেলকে (১৭) ছুরিকাঘাতে হত্যা করা হয়। রুবেল ওই ইউনিয়নের আবদুল জব্বার সিকদারপাড়ার বাসিন্দা। ১৫ ডিসেম্বর পৌর শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কমল জলদাশ (৩৫) নামের আরও এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় পুলিশ অভিমুন্য জলদাশ (২২) ও দয়াল হরি জলদাশকে (৫৫) গ্রেপ্তার করেছে।
কমল জলদাশের ভাই ও মামলার বাদী বীরবল জলদাশ (৩০) বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করলেও হত্যাকারী নারায়ণ জলদাশ এখনো গ্রেপ্তার হয়নি।
এদিকে হঠাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। চকরিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, এমনিতে আগে থেকেই চকরিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল না। এখন কয়েক দিনের ব্যবধানে খুনের ঘটনা বেড়ে যাওয়ায় নাগরিক সমাজ উদ্বিগ্ন। তিনি বলেন, প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ায় মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। এ থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির আইনশৃঙ্খলা রক্ষায় সচেতন হতে হবে। একই সঙ্গে পুলিশকে অপরাধীদের সঙ্গে সখ্য কমাতে হবে।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, সম্প্রতি সংঘটিত সব খুনের ঘটনা জমির বিরোধকে কেন্দ্র করে। তা ছাড়া খুনগুলো বিচ্ছিন্ন ঘটনা। এ কারণে বলা যাবে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশ এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পাশাপাশি এলাকার লোকজনকে সচেতন করতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলাবিষয়ক সভা করা হচ্ছে।