চকিত দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে জনপ্রিয় করে নেওয়ার আমার এক অদ্ভুত গুণ রয়েছে। বছর দুয়েক আগে নতুন এক টিউশন শুরু করেছিলাম। যথারীতি টিউশনিতেও নিজেকে চিনিয়ে দিলাম শিক্ষার্থী ও অভিভাবকের কাছে।
জুনের মাঝামাঝি কোনো এক বিকেলে পড়াতে গেছি। কলবেল দিতেই দরজা খুলল অচেনা এক মুখ! ভালোভাবে দেখতে না পারলেও চকিত যাকে দেখলাম, সে আমার সমস্ত সত্তা নাড়িয়ে দিয়ে গেল। পরে জানতে পারলাম চকিত দেখা মেয়েটি আমারই শিক্ষার্থীর বড় বোন। মনে পড়ছে না সেদিন ছাত্রীকে কী পড়িয়েছিলাম! তবে বাসায় ফিরে কী করেছিলাম, তা মনে পড়ছে।
তারপর তাকে ফেসবুকে খোঁজা শুরু করলাম। একসময় পেয়েও গেলাম। কিন্তু বন্ধুত্বের আমন্ত্রণ জানানোর সাহস আর হলো না।
সেই বাসায় পড়াতে গেলেই কেমন এক ভালো লাগায় আবিষ্ট হয়ে যেত মন। কলবেল চাপার আগেই বুক খানিকটা কেঁপে উঠত, এই বুঝি দরজা খুলে দিতে এসে মুখোমুখি হলাম আবার তার। নিজেকে অপেক্ষমাণ রাখলাম। এভাবেই শিক্ষার্থীর পরীক্ষা, ফলাফল সবকিছুর আনুষ্ঠানিকতা শেষ করে টিউশনটার ইতি ঘটালাম।
একসময় সে বাসায়ও যাতায়াত বন্ধ হয়ে গেল। বিকেলের আলোয় লাবণ্যময় মুখ দর্শনের স্মৃতি বুকপকেটে পুরে রাস্তায় রাস্তায় হাঁটতাম। অবশেষে বন্ধুরা সাহস জোগাল। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। ভয়ে ছিলাম কীভাবে নিচ্ছে সে ব্যাপারটা। নাহ...সবকিছুই স্বাভাবিক। আমন্ত্রণ গ্রহণ করল। স্বাভাবিক যোগাযোগ হতে থাকল।
কিছুদিন পর বিশাল এক অভিব্যক্তি লিখলাম। মেসেজে তাকে জানিয়ে দিলাম নিজের অনুভূতি। যথেষ্ট আতঙ্কে ছিলাম। তার পক্ষ থেকে কী উত্তর আসবে, তা ভেবে ভেবে মন শুধু আকুলিবিকুলি করত। বারবার মনে হচ্ছিল এই বুঝি তার মা ফোন করে বলবে, তোমার মনে এই ছিল তাহলে? তোমাকে অনেক ভালোই ভাবতাম, অন্যদের চেয়ে আলাদা ভেবেছিলাম! ইত্যাদি, ইত্যাদি...।
সব জল্পনাকল্পনা শেষে মেয়েটার উত্তর এল। তার উত্তর সত্যিই আমাকে অবাক করেছিল। আমার অনুভূতিগুলোর প্রতি তার সম্মান দেখে মুগ্ধ হলাম। সে বলেছিল, ‘যোগাযোগ রাখা যায়, তবে এর বেশি কখনোই সম্ভব নয়।’
তারপর নানাভাবে আরও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি বারবার।
মধ্যবিত্ত মানেই সীমাবদ্ধতা, সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের আবেগগুলোকে ধরে রাখার। ভবিষ্যতের কষ্ট ও বেদনাময় অনুভূতির ভয়ে বলেছিলাম যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে। আমাকে অবাক করে দিয়ে তার বিচ্ছিন্ন হওয়ার পর মুহূর্ত থেকেই নতুন করে আবিষ্কার করলাম আমার অনুভূতি দিয়ে ঘেরা বৃত্তেই তার অবস্থান। অনেক সহজ উপায় আছে তার মুখোমুখি হওয়ার, তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু সেই আবেগগুলো আটকে আছে বিবেকের কাছে। অনেকটা নিরুপায় হয়ে ভীরু মনে নতুন করে ভিন্ন উপায়ে বার্তা পাঠানো শুরু করলাম নিয়মিত। দুর্ভাগ্য, উত্তর তো দূরে থাক, আজও আমার লেখাগুলোই দেখার সময় হলো না তার!
মুনির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।