চক্ষু মেলিয়া দেখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​িনজেকে একধাপ এগিয়ে নিতে সাধারণ জ্ঞান বাড়ানোয় তরুণদের আগ্রহ থাকে। মডেল: সামির, মনীষা ও আদর। ছবি: অধুনা
​িনজেকে একধাপ এগিয়ে নিতে সাধারণ জ্ঞান বাড়ানোয় তরুণদের আগ্রহ থাকে। মডেল: সামির, মনীষা ও আদর। ছবি: অধুনা

সাধারণ জ্ঞান নতুন কিছু নতুনভাবে ভাবতে শেখায়। জানার আগ্রহ তৈরি করে। সেই সঙ্গে নিজেকে অন্যদের চেয়ে ভিন্নভাবে উপস্থাপন করার সুযোগ করে দেয়। সাধারণ জ্ঞান হলেও তা মানুষকে অসাধারণ করে গড়ে তুলতে পারে। কোনো ধরাবাঁধা সংজ্ঞায় ফেলা যায় না; তবে সমাজ, সংস্কৃতি, সভ্যতা বা এককথায় মানুষের জীবনের সব কটি দিক। সেটা পাঠ্যবইয়ে পড়ানো হোক বা না হোক, সাধারণ জ্ঞানের মধ্যে পড়ে। এখনকার তরুণেরা নানাভাবে সাধারণ জ্ঞানের চর্চা করেন—ইন্টারনেট, পত্রিকা, ম্যাগাজিন কিংবা বই পড়ে।
সাধারণ জ্ঞানের জন্য লাইব্রেরি একটি চমৎকার উৎস বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এমবিএ ৫৩তম ব্যাচের শিক্ষার্থী জাফর সাদিক চৌধুরী। সম্প্রতি প্রকাশিত ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে নিয়োগের সুপারিশ পেয়েছেন তিনি। বললেন, ‘সাধারণ জ্ঞানের জন্য পাবলিক লাইব্রেরি এবং ইন্টারনেট উৎসের মধ্যে উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া ঘেঁটে দেখা যেতে পারে। এ ছাড়া এখন অনেক মোবাইল অ্যাপ পাওয়া যায়, যেখানে সহজেই যেকোনো সময় নতুন কিছু শেখা যায়।’ তাঁর মতে, সাধারণ জ্ঞান পেশা গড়তে সাহায্য তো করছেই, এমনকি আড্ডার টেবিলেও যোগ করছে নতুন কোনো টপিক।
কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে বিশ্ববিদ্যালয়ের প্রথম ই-লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সর্বশেষ সংযোজনা পাওয়া যাবে এখানে।

উপস্থাপনা হোক একটু ভিন্নভাবে
লেখায় হোক কিংবা বাচনভঙ্গিতে, সাধারণ জ্ঞান আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্রী তামান্না ই মানসুরা সে কথাই বললেন। পাঠ্যবইয়ের পাশাপাশি তিনি নানা বিষয়ের বই পড়েন। তিনি বলেন, ‘পেশাজীবন গড়ার পাশাপাশি এটা মানুষের মধ্যে কিছু অনন্য গুণাবলি তৈরি করে। এ ছাড়া শিক্ষা গ্রহণেও সাহায্য করে।’

ঘর হতে দুই পা ফেলে দেখুন
চারদিকে হয়তো অপার সম্ভাবনার পথ খোলা আছে। সে পথে হাঁটবেন, দৌড়াবেন নাকি অচেনা বলে পা গুঁটিয়ে বসে থাকবেন, সেটা তো আপনিই ঠিক করবেন। জ্ঞান কি শুধু বইয়ে সীমাবদ্ধ? আশপাশেই ছড়িয়ে আছে শেখার নানা উপকরণ। প্রায়োগিক জ্ঞান তত্ত্বের চেয়ে অনেক ক্ষেত্রেই বেশি কার্যকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী নওশীন আফরিন যেমন ফিল্ড ওয়ার্কে গিয়ে বইয়ের শিক্ষা নতুন করে উপলব্ধি করতে পারেন। এ ছাড়া বিভিন্ন সেমিনারে অংশ নেন প্রায়ই। তিনি বলেন, ‘কোনো সেমিনারে গেলে আইডিয়া ভাগাভাগি করতে পারি। কথা বলার সাহস বাড়ে। নতুন কিছু জানা যায়।’

তথ্যসূত্র যখন ইন্টারনেট
সারাটা দিন বইয়ে মুখ গুঁজে থাকলেই যেমন কেউ মেধাবী হয় না, সারাক্ষণ কম্পিউটার নিয়ে পড়ে থাকলেও তেমনই কেউ গোল্লায় যায় না। জ্ঞানের পরিধি বাড়াতে হবে—এটাই মূল এবং সবচেয়ে বড় কথা। অনলাইন কিন্তু লেখা-ছবির একঘেয়ে বিষয়বস্তুর চেয়ে একধাপ এগিয়ে। ভিডিও চিত্র কিংবা আরও ইন্টার-অ্যাকটিভ কোনো উপস্থাপনা কোনো বিষয় সহজেই রপ্ত করতে সাহায্য করতে পারে। যেকোনো প্রয়োজনে খন্দকার ফয়সাল ইসলাম কিন্তু গুগলের দ্বারস্থ হন। উইকিপিডিয়া তাঁর পছন্দের তথ্যসূত্রের একটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের এই ছাত্র সামাজিক যোগাযোগের ওয়েবসাইটেও পান শেখার অনেক কিছু। তিনি বলেন, ‘অনলাইনে অন্যদের চেয়ে দ্রুত নতুন কোনো খবর জানতে পারি। আগ্রহ আছে, এমন কিছু চাইলেই হাতের নাগালে পাচ্ছি।’

সব বয়সেই সাধারণ জ্ঞান
যেকোনো বয়সেই সাধারণ জ্ঞান খুব কাজে লাগে। যত ছোট থেকে শুরু করা যায়, ততই চৌকস হয়ে বেড়ে ওঠে সুযোগ তৈরি করে। পুলক কুমার আর পবিত্র কুমারের কথাই বলি। পুলক পড়ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষে, ছোট ভাই পবিত্র বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণিতে। দুজনই পত্রিকা আদ্যোপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। উদ্দেশ্য একটাই—সমসাময়িক সামান্যতম বিষয়টিও যেন বাদ না যায়। মজার ব্যাপার, দুজনই সাধারণ জ্ঞানের জন্য একই বই পড়েন। পুলক পড়েন তাঁর ক্যারিয়ার গড়ার জন্য, পবিত্র বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে জয়ী হতে।

নিজের আগ্রহ খুঁজে বের করতে হবে
মো. মহিউদ্দিন
সহযোগী অধ্যাপক
চেয়ারপারসন, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিপি)
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যারিয়ার গড়তে তো বটেই, সাধারণ জ্ঞান নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে শেখায়। যেকোনো কিছু সহজেই তাঁদের মানসচিত্রে ফুটে উঠে। বইয়ে পড়া তত্ত্বের সঙ্গে বাস্তব দুনিয়ায় মিল খোঁজার চেষ্টা করছেন এখনকার শিক্ষার্থীরা। শুধু বুকিশ হলে চলবে না। সবকিছুতেই আগ্রহ থাকতে হবে। সেটা ভূগোল হতে পারে, রাজনীতি হতে পারে, চলচ্চিত্র হতে পারে। পত্রিকা পড়তে হবে, দেশের খবর তো বটেই, আন্তর্জাতিক মিডিয়ার খবরও পড়তে হবে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরা সাধারণত বিজনেস কেস প্রতিযোগিতায় অংশ নেন, তবে সেটা যেকোনো প্রতিযোগিতা হতে পারে। সবচেয়ে বড় কথা, নিজের আগ্রহ খুঁজে বের করতে হবে। এ ছাড়া যেকোনো ঘটনার কিছুর পেছনের কারণটা জানতে চেষ্টা করতে হবে।