চটজলদি এক কামড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের অপেক্ষায় অনেকেই দাঁড়িয়ে আছে। ‘দাঁড়িয়ে আছে’ শব্দটি আক্ষরিক অর্থেই বলা। লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা খাবারের। কেউ আবার অর্ডার টোকেন নিয়েই শপিং মলে ঢুকেছেন কেনাকাটা সেরে নিতে। কাজ শেষ করে আসতে আসতেই তৈরি খাবার হাতে। কিছুটা ভিন্নতা নিয়েই চালু হয়েছে খাবারের দোকান ‘কুইক বাইট’। রাজধানীর ধানমন্ডি এলাকার সীমান্ত স্কয়ারে ঢুকেই ডান পাশে দেখা মিলবে দোকানটির। দোকানটি ছোট্ট হলেও ভিড় নেহাত কম নয়। বিকেলের পর থেকে তো আরও বেশি। বেশ কটি ভিন্ন স্বাদের স্যান্ডউইচ মিলবে এখানে। অর্ডারের পরই তৈরি হবে আপনার পছন্দের স্যান্ডউইচ, আপনার সামনেই। জাফর আই খান ও হাসান এম চৌধুরী নামের দুই তরুণ বন্ধু মিলে চালু করেছেন কুইক বাইট। টোকেন হাতে খাবারের অপেক্ষায় থাকা রিফাত মুনায়েম বলেন, ‘পাশেই ধানমন্ডি লেকে বন্ধুরা মিলে নিয়মিত আড্ডা দিতে বসি। আর এক ফাঁকে অর্ডার দিয়ে যাই এখানে। নিয়মিতই আমরা এখানে খাই। স্যান্ডউইচের আলাদা একটা স্বাদ পাওয়া যায় কুইক বাইটে। আর গরম গরম তৈরি করে দেয় বলে খেতেও ভালো লাগে।’ চার মাস আগে চালু হওয়ার পর থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে দোকানটি। বাসার জন্যও অনেকে এখান থেকে খাবার নিয়ে যান। স্বত্বাধিকারী দুই বন্ধুর একজন হাসান এম চৌধুরী জানান, ‘আমরা চাইছিলাম একটু ভিন্নতা দিয়ে শুরু করতে। এমন ধরনের খাবারের দোকান সাধারণত বাইরের বিভিন্ন দেশে চোখে পড়ে। কেনাকাটা, আড্ডা বা কাজের ফাঁকেই মানুষ যাতে পছন্দের খাবারটি খেতে পারে, তাই আমাদের এই জায়গাটি বেছে নেওয়া।’ এখানে রয়েছে চিকেন বারবিকিউ স্যান্ডউইচ, বিফ গ্রিল স্যান্ডউইচ, রোস্ট বিফ স্যান্ডউইচ। এর প্রতিটিরই আবার স্পেশাল চিজ স্যান্ডউইচ বা কুইক বাইট স্পেশাল স্যান্ডউইচ রয়েছে। বিভিন্ন প্রকার স্যান্ডউইচের স্বাদ নেওয়া যাবে ১৩০, ১৬০ ও ২২০ টাকায়।সপ্তাহের সাত দিনই বেলা সাড়ে ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে দোকানটি। তবে প্রতিদিনের জন্য যেহেতু নির্দিষ্ট পরিমাণ খাবার বানানো হয় তাই আগে শেষ হয়ে গেলে আগেই দোকান বন্ধ হয়ে যায়। তাই কুইক বাইটে খেতে চাইলে আসতে হবে আগেভাগেই। স্যান্ডউইচে ব্যবহার করা হয় চার ধরনের বিশেষ সস। স্যান্ডউইচে ব্যবহূত রুটিটাও বানানো হয় ফরমায়েশ দিয়ে আলাদাভাবে। তা ছাড়া ছয় ধরনের সবজি ব্যবহার করা হয় এর ভেতরে। স্যান্ডউইচ ছাড়াও এখানে বিশেষ যন্ত্রে বানানো আখের রস ও আইসক্রিম পাওয়া যায়।