চটজলদি কুকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানপ্রবাসী রীপা হক। ১৯৮৯ থেকে বাস করছেন জাপানে। শখ ইকেবানা ও দেশি-বিদেশি রান্না করা। সহজে, চটজলদি ও কম খরচে বানিয়ে ফেলেন মুখরোচক রেসিপি। এই সংখ্যা থেকে শুরু হওয়া পাঠকের রেসিপি বিভাগে দেওয়া হলো রীপা হকের তিনটি রেসিপি

.
.

সুস্বাদু স্মাইলি ফেস কুকিজ
উপকরণ: ময়দা ৭০ গ্রাম, চিনি ৩০ গ্রাম বা এক কাপের আট ভাগের এক ভাগের চেয়ে কিছুটা বেশি, তেল ২৫ মিলিলিটার বা ২ টেবিল চামচ।
প্রণালি: ওভেন ১৭০ ডিগ্রিতে প্রি-হিট করে নিতে হবে। একটি বাটিতে সব উপকরণ নিয়ে এসপ্যাচুলা (বেক করার কাজে ব্যবহৃত একধরনের চামচ) দিয়ে মেশাতে হবে। মোটামুটিভাবে মেশানো হলে প্লাস্টিক র্যা প নিয়ে হাত দিয়ে চেপে সিকি ইঞ্চি পুরু করুন। এবার ছুরি দিয়ে কেটে নিতে হবে। ছবির মতো করে ‘হ্যাপি ফেইস’ বানাতে হবে। এরপর বেকিং ট্রেতে বসিয়ে প্রি-হিটেড ওভেনে ১৭০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১৫ মিনিট বেক করে পরিবেশন করুন।
লক্ষ করুন: এই কুকিজটি অনেক সময় ময়দা পুরোনো হওয়ার কারণে ফাটা ফাটা হয়ে যায়। যদি এই সমস্যা হয়, তখন নিচে দেওয়া উপকরণ দিয়ে করতে হবে।
উপকরণ: ময়দা ৭০ গ্রাম, চিনি ৩০ গ্রাম, তেল ও দুধ ২৫ মিলিলিটার (দুধ ৫ থেকে ১৫ মিলিলিটার হলে বাকিটা তেল)।
প্রণালি: প্রথমে তেল, দুধ ও চিনি মিশিয়ে নিন। এরপর ময়দা মেশাতে হবে। চকলেট, স্ট্রবেরি জ্যাম দিয়ে চোখ ও মুখ সাজানো যায়।

.
.

টুনা মায়ো কর্ন ব্রেড
উপকরণ: ময়দার মিশ্রণ ১৫০ গ্রাম, বেকিং পাউডার ৩ চা-চামচ, লবণ সামান্য, ডিম ১টা, দুধ ৯০ মিলিলিটার, টুনা ১ ক্যান, কর্ন ১ ক্যান, মেয়নেজ ৩ টেবিল চামচ, লবণ ও গোলমরিচ গুঁড়া পরিমাণমতো, পার্সলি পাতা পরিবেশনের জন্য, মেয়নেজ পরিমাণমতো।
প্রণালি: ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিতে হবে। টুনা ও কর্ন ক্যানের তেল ও পানি ঝরিয়ে নিতে হবে। সব একসঙ্গে মিশিয়ে টুনা ও কর্নের ময়ান তৈরি করে রাখতে হবে। একটি বাটিতে উপকরণগুলো মিশিয়ে খামির তৈরি করতে হবে। কাপ কেকের কাপে খামির দিতে হবে। এবার টুনা ও কর্নের ময়ান মেশানো খামিরের ওপর দিতে হবে। তার ওপর মেয়নেজ দিয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০ মিনিট বেক করতে হবে। গরম অবস্থায় রুটির ওপর পার্সলি দিয়ে পরিবেশন করতে হবে।

.
.

স্নোম্যান টোস্ট
উপকরণ: পাউরুটি ১ টুকরা, স্ট্রবেরি ২টা, গলানো চকলেট ১ চা-চামচ, অ্যালুমিনিয়াম ফয়েল সামান্য পরিমাণ। তুষার বল বানানোর জন্য পাউরুটি ১ টুকরার আট ভাগের এক ভাগ।
প্রণালি: অ্যালুমিনিয়াম ফয়েল কেটে স্নোম্যান বানাতে হবে। এবার পাউরুটির ওপর স্নোম্যান বসিয়ে টোস্ট করতে হবে। স্ট্রবেরি, গলানো চকলেট দিয়ে সাজিয়ে নিন। পাউরুটি হাত দিয়ে গোল গোল করে তুষার বল বানিয়ে পরিবেশন করুন। চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল কেটে অন্য কোনো নকশাও করতে পারেন।