চট্টগ্রাম আউটার রিং রোড নির্মাণপ্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পতেঙ্গা থেকে সাগরিকা স্টেডিয়াম এলাকা পর্যন্ত ২২ কিলোমিটার দৈর্ঘ্যের আউটার রিং রোডের নির্মাণপ্রক্রিয়া শুরু হয়েছে। গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে এটি বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ২০১৭ সালের জুন পর্যন্ত। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রকল্প বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রকল্পটির মূল উদ্দেশ্য, চট্টগ্রাম শহররক্ষা বাঁধ শক্তিশালী করা এবং জলোচ্ছ্বাসের কবল থেকে বিমানবন্দর ও ইপিজেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা। এ ছাড়া সড়কটি নির্মিত হলে নগরবাসীর যানজট থেকে মুক্তি মিলবে বলে আশা করেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানতে চাইলে চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে জানান, চট্টগ্রাম আউটার রিং রোড নির্মিত হলে নগরের যানজট নিরসনের পাশাপাশি এলাকায় শিল্পায়ন ও পর্যটনশিল্পের বিকাশ ঘটবে। প্রকল্পের দরপত্র-প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে সড়কের নির্মাণকাজ শুরু করা হবে।
চউক সূত্র জানায়, আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৮৬৫ কোটি ২৮ লাখ ৬০ হাজার টাকা। পরে সংশোধিত ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৯৬ কোটি ৩৫ লাখ ৭১ হাজার টাকা। তবে এই ব্যয় আরও বাড়তে পারে। তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে এ প্রকল্পের অর্থায়ন করবে। এর মধ্যে সরকার দেবে ৬৯৮ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা, জাইকা ৭১৫ কোটি ৫৮ লাখ ২৩ হাজার ও বাকি ৮২ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি আন্তর্জাতিক প্রাক-দরপত্র আহ্বান করা হয়। এতে ৩৬টি শিডিউল বিক্রি হলেও ১৮ নভেম্বর শেষ দিন ১৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে নয়টি। এগুলোর মধ্যে সাতটি বিশ্বের বিভিন্ন দেশের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে দরপত্রে অংশ নেয়।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার চারটি, ভারতের তিনটি, চীনের দুটি এবং সংযুক্ত আরব আমিরাত ও ইরানের যৌথ মালিকানাধীন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
সূত্র জানায়, নগরের অপ্রতুল যোগাযোগ অবকাঠামোর কারণে সৃষ্ট অসুবিধা চিহ্নিত করতে ২০০৬ সালে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) একটি সমীক্ষা পরিচালনা করে। এতে চট্টগ্রাম আউটার রিং রোড নির্মাণে বেশি গুরুত্ব দেওয়া হয়। নগর
মহাপরিকল্পনায়ও বিষয়টির উল্লেখ রয়েছে।
প্রকল্প পরিচালক ও চউকের নির্বাহী প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রথম আলোকে জানান, এখন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এরপর দরপত্রের সব শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চূড়ান্ত লটারি করা হবে।
জানা গেছে, সড়কটি নির্মাণের জন্য ৯০ দশমিক ৩৬১ একর জমি অধিগ্রহণ করা হবে। সড়কটি হবে তিনটি ভাগে বিভক্ত। এর মধ্যে উপকূল সড়কের দৈর্ঘ্য ১৫ দশমিক ২০ কিলোমিটার ও প্রস্থ ২০ দশমিক ৫ মিটার হতে ২৪ দশমিক ৫ মিটার। এ অংশে সড়কের উচ্চতা বর্তমানের তুলনায় তিন মিটার বাড়ানো হবে। এ ছাড়া দুই ফিডার সড়কের একটির দৈর্ঘ্য এক দশমিক ২০ কিলোমিটার এবং অপরটির দৈর্ঘ্য হবে দশমিক ৯৫ কিলোমিটার।