চট্টগ্রাম-আনোয়ারা সড়কে আবার ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-আনোয়ারা সড়কের দুই কিলোমিটার সড়ক দেবে আবার ফাটল দেখা দিয়েছে। সড়কের উভয় পাশের খালের ভাঙনের কারণে সড়কের নিচের দিকের মাটি সরে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হচ্ছে বলে সংশ্ল্লিষ্ট বিভাগের লোকজন জানিয়েছেন। গত বছরও একইভাবে সড়কটির বিভিন্ন অংশ দেবে গিয়েছিল। তখন বালুর বস্তা দিয়ে সাময়িকভাবে ভাঙন ঠেকানো হয়। বর্তমানে আবার ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে যানবাহন চালাতে হচ্ছে চালকদের। সরেজমিনে দেখা গেছে, আনোয়ারা সদরের ওপর দিয়ে যাওয়া চট্টগ্রাম-আনোয়ারা সড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে হাসপাতাল মোড়, সিংহরা ও বোয়ালগাঁও রাস্তার মাথাসহ আনোয়ারা সদরের খাদ্যগুদাম এলাকা পর্যন্ত ফাটলের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অংশ খালের সঙ্গে মিশে গেছে। পল্লি বিদ্যুতের পাঁচ-ছয়টি খুঁটিও চলে গেছে সড়কের পাশের খালের ভেতর। এ ছাড়া তিনটি সেতুও দিন দিন দেবে যাচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়িচালকেরা।প্রসঙ্গত, আনোয়ারা সদরের পশ্চিমে ইছামতি খালের পাশ দিয়ে যাওয়া এ সড়ক দিয়ে আনোয়ারা উপজেলা ছাড়াও চন্দনাইশের যানবাহনও চলাচল করে। সড়কে ফাটল দেখা দেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে চট্টগ্রাম-আনোয়ারা-পটিয়া-বাঁশখালী যানবাহন মালিক সমিতির সভাপতি মো. জাফর উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সড়কটি ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে। কোন সময় গাড়ি নিয়ে খালের ভেতর পড়ি, এ ভয়ে থাকি সব সময়।’ সড়কের পাশের বিদ্যুতের খুঁটি খালে চলে যাওয়া প্রসঙ্গে পল্লি বিদ্যুৎ সমিতির আনোয়ারা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক দিলীপচন্দ্র সরকার বলেন, ‘গত বছর থেকে বিদ্যুতের খুঁটিগুলো খালের দিকে সরে যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, সড়কের দুপাশে খাল থাকায় এবং স্রোতের কারণে নিচের দিক থেকে মাটি সরে যাওয়ায় সড়কটি মেরামত সত্ত্বেও বার বার দেবে যাচ্ছে। ভবিষ্যতে খালের উত্তর পাশে নতুনভাবে সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।