চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের 'আমার মা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা কবিতায় মায়ের বন্দনা করেছেন রবীন্দ্রনাথ থেকে শামসুর রাহমান অবধি বহু কবি। তারই অনুরণন শোনা গেল ৯ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই আবৃত্তি আসরের আয়োজন করে চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্র।
আয়োজনের শুরুতে আবৃত্তিশিল্পী এহতেশামুল হকের গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘আমার মা’ পরিবেশন করেন চট্টগ্রাম আবৃত্তি চর্চাকেন্দ্রের সদস্যরা। এতে অংশ নেন মো. ফারুক আজম, কৌশিক দত্ত, মুহাম্মদ কুতুব উদ্দিন, সঞ্জয় বণিক, আব্বাস হোসেন, ফাহামদা ইয়াসমিন, আরিফুল ইসলাম প্রমুখ তরুণ আবৃত্তিশিল্পী।
বৃন্দ আবৃত্তি পরিবেশনের পর মা নিয়ে স্মৃতিচারণা করেন লেখিকা ফেরদৌস আরা আলীম ও অধ্যাপক রিতা দত্ত। এরপর রাশেদ হাসান পাঠ করেন মাকে নিয়ে লেখা চিঠি।
আসরে মুহাম্মদ শাহাদাৎ হোসেন আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘মা’। কবি ওমর কায়সারের লেখা গল্প ‘ন আইস্য ঝড়’ পাঠ করে শোনান সেলিম রেজা। আদিত্য অনিকের লেখা কবিতা ‘মিথ্যাবাদী মা’ আবৃত্তি করেন মাহবুবুর রহমান।
কৃষ্ণা বসুর কবিতা ‘মা ও মেয়ের সংলাপ’ পাঠ করেন তাসকিয়তুন নূর তানিয়া। মা নিয়েই এই আসর। তাই শামসুর রাহমানের পাঠকপ্রিয় কবিতা ‘কখনো আমার মাকে’ শোনার জন্য অনেক দর্শকই কান খাড়া করে ছিলেন। অবশেষে ফাহমিদা ইয়াসমিন সেই প্রত্যাশা পূরণ করলেন।
জার্মান কবি বের্টল্ট ব্রেখটের ‘অন দ্য ইনফ্যান্টিসাইড মারি ফারের’ কবিতাটির বাংলা তরজমা ‘মারি ফারের ও একটি ভ্রূণহত্যা’ শোনান শামীমা শীলা। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মা নিয়ে এই আয়োজনের।