চট্টগ্রাম আমার স্বপ্নের শহর: চন্দনা হোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম আমার স্বপ্নের শহর। বাবার মুখে শুনেছি এই শহরের পাহাড়, নদী আর মানুষজনের কথা। এখানে এসে তাই সব সময় অন্য রকম অনুভূতিতে আক্রান্ত হই।’ বলছিলেন কলকাতার শিল্পী চন্দনা হোড়। চট্টগ্রামের সন্তান ভারতের অগ্রগণ্য শিল্পী সোমনাথ হোড়ের মেয়ে চন্দনা হোড় চট্টগ্রামে এসেছিলেন গত ১১ ডিসেম্বর রোববার। তাঁর সঙ্গে কথা বলেছেন আহমেদ মুনির।প্রথম আলো: চট্টগ্রামে এসে কেমন লাগছে?চন্দনা হোড়: খুব ভালো। এই শহরেই আমার বাবার জন্ম, বেড়ে ওঠা। এখানে আমার অনেক আত্মীয়স্বজন আছেন। এখানকার একটি রাস্তার নামকরণ করা হয়েছে আমার ঠাকুরদা রেবতী মোহন হোড়ের নামে। তিনি ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল ওয়াটার ওয়ার্কসের প্রথম প্রকৌশলী। তাই চট্টগ্রাম আমার কাছে সব সময়ই অন্য রকম।প্রথম আলো: আপনার বাবার জন্মস্থান চট্টগ্রামের বরমা গ্রামে। সেখানে যাননি?চন্দনা হোড়: না। সে গ্রামের আশপাশ দিয়ে গিয়েছি। কিন্তু ভেতরে ঢুকিনি। ভাবতেই খুব আবেগতাড়িত হয়ে পড়ি। ইচ্ছে করেই যাইনি।প্রথম আলো: বরমা গ্রাম সম্পর্কে কী শুনেছেন?চন্দনা হোড়: বাবা বলতেন পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রাম। পাহাড় -নদী ঘেরা। বরমা গ্রামখানি আমার মনের মধ্যে আছে। প্রথম আলো: আপনার জন্ম কী কলকাতায়?চন্দনা হোড়: না, দিল্লিতে। বাবা তখন দিল্লিতে ছিলেন কর্মসূত্রে। তবে বড় হয়েছি শান্তিনিকেতনের লালবাঁধ গ্রামে। অবসর নেওয়ার পর বাবা সেখানেই বাড়ি করেছিলেন।প্রথম আলো: চট্টগ্রামের কোনো বিশেষ ঘটনার কথা শুনেছিলেন বাবার কাছ থেকে?চন্দনা হোড়: বাংলা ১৩৫০ সালের দুর্ভিক্ষের সময় চট্টগ্রামে ছিলেন বাবা। চোখের সামনে দেখেছেন মানুষের মৃত্যু। রাস্তায় শুয়ে থাকা অভুক্ত শিশু ও নর-নারী। এই গল্প বহুবার করেছেন আমাদের কাছে। চট্টগ্রামের রাস্তায় দেখা দুর্ভিক্ষের এ ছবি পরে বার বার ফিরে এসেছে বাবার ছাপচিত্রে ও ভাস্কর্যে। এখানকার মিউনিসিপ্যাল স্কুলে পড়তেন তিনি। একবার গরু তাঁর বই-পত্র খেয়ে ফেলেছিল। এ ঘটনার কথাও বাবা প্রায়ই বলতেন।প্রথম আলো: আপনার মা রেবা হোড়ও শিল্পী ছিলেন। আপনি নিজেও ছবি আঁকেন। কখনো মনে হয়েছে বাবার বিশাল পরিচিতির নিচে চাপা পড়ে যাচ্ছেন?চন্দনা হোড়: প্রথম প্রথম মনে হতো। এখন মনে হয় না। তা ছাড়া বাবা কাজ করতেন ছাপাই ছবি ও ভাস্কর্য মাধ্যমে আর আমি কাজ করি তেল রঙে। দুজনের মাধ্যমই আলাদা।প্রথম আলো: স্বাধীনতার পর সোমনাথ হোড় খুব একটা চট্টগ্রাম আসেননি।চন্দনা হোড়: বাবার যখন ১২ বছর বয়স তখন ঠাকুরদা রেবতী মোহন মারা যান। ঠাকুরদার মৃত্যুশোক কখনোই কাটিয়ে উঠতে পারেননি। তাই চট্টগ্রামে আসতে চাননি।