চট্টগ্রাম একাডেমির সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক প্রতিষ্ঠান চট্টগ্রাম একাডেমির দশম বার্ষিক সাধারণ সভা ৭ জানুয়ারি বিকেলে অনুষ্ঠিত হয়। একাডেমির নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে বসেছিল সৃজনশীল মানুষের মিলনমেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও একাডেমির চেয়ারম্যান অনুপম সেন।তিনি বলেন, ‘চট্টগ্রাম অনেক বড় কবি-মনীষী-স্রষ্টার জন্ম দিয়েছে। বিশেষ করে মহাকবি নবীন সেন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখের অবদান পুরো ভারতবর্ষে স্বীকৃত। তাঁরা আমাদের গৌরব-অহংকার। অথচ এসব গুণীজনের কর্ম-কীর্তি স্মরণ করা হচ্ছে না যথাযথ মর্যাদায়। চট্টগ্রামে অনেক কবি-সাহিত্যিক-পর্যটক এসেছেন।’ একাডেমির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠান মননশীলতার বিকাশ ও বুদ্ধিবৃত্তির চর্চায় স্বচ্ছভাবে কাজ করে যাচ্ছে।’মো. জাহাঙ্গীর মিঞার সঞ্চালনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক রাশেদ রউফ। বক্তব্য দেন সাংবাদিক কাজী জাফরুল ইসলাম, অধ্যক্ষ রীতা দত্ত ও লেখিকা আনোয়ারা আলম প্রমুখ।