চট্টগ্রাম এখন বিশ্বকাপের নগর
মোড়ে মোড়ে লাল-সবুজ পতাকা, নান্দনিক তোরণ, ফোয়ারা, আলোকসজ্জা, ঐতিহ্য আর ক্রিকেটারদের ভাস্কর্য। পাশাপাশি উড়ছে বিশ্বকাপে অংশগ্রহণকারী বাকি ১৩ দেশের পতাকাও। রাস্তার পাশে ফুলের সৌরভ। নিরাপত্তা যেমন জোরদার হয়েছে তেমনি গুরুত্বপূর্ণ স্থানগুলো হকার ও ভিক্ষুকমুক্ত হয়ে গেছে। এ বিশাল কর্মযজ্ঞের সবই বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে। ১১ মার্চ চট্টগ্রামের বিশ্বকাপ অভিষেক।যাঁদের কেন্দ্র করে এত আয়োজন সেই কুশীলবেরাও এখন চট্টগ্রামে। স্বাগতিক বাংলাদেশের পর গতকাল বন্দরনগরে পা রেখেছে ইংল্যান্ডও। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পায় ইংলিশরা। তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে আগে থেকে নগরের সৌন্দর্যবর্ধন ও গুরুত্বপূর্ণ স্থান ভিক্ষুক-হকারমুক্ত করার উদ্যোগ নিয়েছিল সিটি করপোরেশন, নগর পুলিশ ও অন্যান্য সংস্থা। এ লক্ষ্যে বারবার সভা হয়েছে ভিক্ষুক ও হকারদের সঙ্গে। তারই অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ স্থান নিউমার্কেট, স্টেশন রোড, অলঙ্কার মোড়, জিইসি মোড় হকারমুক্ত হয়ে গেছে। এখন এসব স্থানে কোনো ভাসমান হকার নেই। পাশাপাশি ভিক্ষুকরাও সরে গেছেন। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি বলেন, ‘হকারদের সঙ্গে আমরা সভা করেছি। তাঁদের অনুরোধ জানিয়েছি যাতে এই কয়দিন নগর পরিষ্কার রাখতে সাহায্য করে। তাঁরা আমাদের কথা রেখেছেন।’হকার্স নেতা মাসুদ রানা বলেন, ‘বিশ্বকাপ আমাদের বড় পাওয়া। আর আমাদের দেশে বিদেশিরা আসবেন তাঁরা আমাদের অতিথি। তাই অতিথিদের স্বার্থে আমরা কয়েকদিন কষ্ট করব। সমস্যা নেই।’ বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্য বেড়ে গেছে বলে তিনি দাবি করেন। এদিকে, বিশ্বকাপ নগরকে সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। স্টেডিয়ামের মূল সড়কের শোভা বাড়িয়েছে ফুলের গাছ। স্টেডিয়াম প্রাঙ্গণে বাগান করার কাজও শেষের পথে। বিমানবন্দরে খোলা হয়েছে পর্যটন করপোরেশনের হেল্প ডেস্ক। নগরের নিউমার্কেট রেল স্টেশনসহ আরও কয়েকটি স্থানে এই হেল্প ডেস্ক রাখা হয়েছে। গত শনিবার বিশ্বকাপ প্রস্তুতি কমিটির সর্বশেষ সভায় কাজের অগ্রগতির প্রশংসা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব আবদুল করিম। তিনি সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট লোকজনকে এ জন্য ধন্যবাদ জানান। নিরাপত্তাব্যবস্থা নিয়েও যথেষ্ট প্রস্তুতি নিয়েছে নগর পুলিশ ও র্যাব। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ শেষে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা চট্টগ্রামে যাতে না ঘটে তার জন্য নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইতিমধ্যে স্টেডিয়াম ও ক্রিকেটারদের আবাসন হোটেল পেনিনসুলায় নিরাপত্তা বাহিনী মহড়া সম্পন্ন করেছে। এদিকে, বিশ্বকাপ নিয়ে আলোচনা এখন মোড়ে মোড়ে। বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে তো? নেদারল্যান্ডসকে উড়িয়ে দিতে পারবে তো? এসব নানা আলোচনা চলছে। আবার যতই বিশ্বকাপ অভিষেকের দিন ঘনিয়ে আসছে ততই টিকিট নিয়ে আলোচনাও বেড়ে চলছে। বাড়তি দামে সেকেন্ডারি টিকিট কেনার জন্যও চেষ্টা করছেন অনেকে। নগরে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের সাক্ষী হতে কে না চায়!