চট্টগ্রাম ও কক্সবাজারে পরীক্ষার্থী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এবার পরীক্ষার্থী বেড়েছে। আজ রোববার শুরু হওয়া এই পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে ২৯ নভেম্বর।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে এবার ৩ হাজার ৯১০টি প্রাথমিক বিদ্যালয় থেকে ১ লাখ ৫৬ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তাদের মধ্যে ছাত্র ৭২ হাজার ৬২৩ জন এবং ছাত্রী ৮৪ হাজার ৩৪ জন। ৩৪৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৪২৩ জন। গত বছর অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৬৭ হাজার ১৪ জন ও ছাত্রী ৭৭ হাজার ৪০৯ জন। কেন্দ্র ছিল ৩৪০টি।
তবে ইবতেদায়িতে পরীক্ষার্থী কমেছে। এবার ইবতেদায়িতে পরীক্ষার্থী ২৫ হাজার ৫০৯ জন। যা গতবার ছিল ২৫ হাজার ৫৬৭ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৫৫৭ জন। প্রাথমিক সমাপনীতে ৫১ হাজার ৩৪৭ ও ইবতেদায়িতে ১৩ হাজার ২১০ জন পরীক্ষার্থী অংশ নেবে। জেলার আটটি উপজেলার ৮৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান জানান, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৭৩২ জন। এ কারণে তিনটি কেন্দ্র বাড়ানো হয়েছে। এ ব্যাপারে সব প্রস্তুতি রয়েছে।