চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝুঁকিপূর্ণ পাঁচ কিলোমিটার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশের পাঁচ কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের দুই পাশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছয়-সাত মিনিটের পথ অতিক্রম করতে সময় লাগে ৪০-৫০ মিনিট। পটিয়া সদরের ডাকবাংলো মোড়, জুলুরদীঘি, বিজিসি ট্রাস্ট এলাকায়ও সড়ক ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে সড়ক কাদায় একাকার হয়ে যায়। সংশ্লিষ্ট পরিবহন-মালিকেরা জানান, পর্যটন শহর কক্সবাজার, ঢাকা-চট্টগ্রাম ছাড়াও এ সড়ক দিয়ে বান্দরবান জেলাসহ দক্ষিণ চট্টগ্রামের ১০ উপজেলায় বাস, কোস্টার, ট্রাক, লরিসহ বিভিন্ন ধরনের ৩০ হাজার যানবাহন চলাচল করে।সরেজমিনে দেখা গেছে, পটিয়া সদরের পাঁচ কিলোমিটার পশ্চিমে নয়াহাট-বাদামতল থেকে পৌর এলাকার লবণশিল্প এলাকা ইন্দ্রপোল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের বিভিন্ন স্থানে প্রায় সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।এলাকার বাসিন্দারা জানান, যানজটের কবলে পড়ে প্রতিদিন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। অসুস্থ লোকজন গর্ত এবং যানজটে আটকা পড়ে ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকেন। চট্টগ্রাম আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আহম্মদ মিয়া বলেন, ‘এ রকম একটি গুরুত্বপূর্ণ সড়ক কীভাবে দীর্ঘদিন সংস্কার হয় না, তা ভেবে অবাক হতে হয়।’ বাসচালক ফরিদ আহমেদ বলেন, ‘বাদামতল থেকে ইন্দ্রপুল পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত এবং অনেক স্থানে দুই পাশ ভেঙে যাওয়ায় প্রতিদিন যানজটে পড়তে হয়। এক পাশে গাড়ি থামিয়ে যাত্রীদের জীবন হাতে নিয়ে চলতে হয় সাবধানে। একটু এদিক-সেদিক হলেই গাড়ি উল্টে পাশের খাদ বা পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কায় থাকি।’ খাসমহাল এলাকার বাসিন্দা বাসযাত্রী মোহাম্মদ ফারুক জানান, সপ্তাহখানেক আগে তার সামনে ইন্দ্রপুলের পশ্চিমে কাগজিপাড়া দরগার কাছে একটি টেম্পো গর্তে পড়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাস থেকে লোকজন দ্রুত নেমে যাত্রীদের উদ্ধার করেন। সওজের পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী পাঁচ কিলোমিটার সড়কের নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, ‘কোনো কোনো গর্ত ভরাট করতে অন্তত এক ট্রাক ইট-কংক্রিট প্রয়োজন হবে।’ সড়কটির করুণ অবস্থার কথা উল্লেখ করে পটিয়া পৌরসভার মেয়র হারুণুর রশিদ ১৪ জুলাই সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জরুরি ভিত্তিতে অন্তত পাঁচ কিলোমিটার সড়ক যান চলাচলের উপযোগী করে মেরামত করার জন্য অনুরোধ করেন। সওজের দোহাজারি উপবিভাগীয় প্রকৌশলী তোফায়েল মিয়া বলেন, ‘আরাকান সড়কের বাদামতল থেকে ইন্দ্রপুল পর্যন্ত সবচেয়ে খারাপ। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ কাগজিপাড়া এলাকা। কিন্তু প্রয়োজনীয় অর্থ না থাকায় কিছু করা যাচ্ছে না।’