চট্টগ্রাম কলেজ উন্নয়ন প্রকল্পের স্মৃতিফলক উন্মোচন
চট্টগ্রাম সরকারি কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ‘স্মৃতিফলক’ উন্মোচন উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজের লিচুতলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ সড়ক সম্প্রসারণকল্পে ভূমির ক্ষতিপূরণ বাবদ পাওয়া ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তত্ত্বাবধানে এসব প্রকল্প পরিচালিত হচ্ছে।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। এতে শুভেচ্ছা বক্তব্য দেন সিডিএর প্রকল্প পরিচালক মেজবাহ উদ্দীন, কলেজশিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তফা কামাল, বাংলা শেষ বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের উপাধ্যক্ষ জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, ‘যেকোনো কাজে আস্থা অর্জন করতে হবে। আস্থাহীনতার কারণে আজ আমরা পিছিয়ে আছি। যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে এগিয়ে যেতে পারিনি। আমি কলেজের উন্নয়ন যেভাবে কথা দিয়েছি, তার চেয়ে কিছুটা হলেও বেশি কাজ করেছি। আর সেই আস্থা অর্জন করার কারণে সবাই আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরিশ্রম, সততা, আন্তরিকতার কোনো বিকল্প নেই। এভাবে এগিয়ে যেতে পারলে নিজের, পরিবারের এবং জাতির ভাগ্য উন্নয়ন ও পরিবর্তন ঘটবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শেখর দস্তিদার উন্নয়নকাজে সিডিএর চেয়ারম্যান, কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির পর আমার আর কলেজে আসা হবে না। আমি অবসরে যাব। প্রকল্পের চলমান উন্নয়নকাজগুলো রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সবাই যৌথভাবে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন—এটাই আমার প্রত্যাশা।’ পরে প্রধান অতিথি কলেজের প্রবেশমুখের সামনে ‘স্মৃতিফলক’ উন্মোচন করেন।