চট্টগ্রাম কলেজের একজন শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তদন্তের জন্য কলেজের অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের আদেশের ভিত্তিতে অধ্যক্ষ দুই পক্ষের বক্তব্য নিয়ে তদন্ত প্রতিবেদন শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন বলে জানা গেছে। কলেজ সূত্র জানায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রভাষক সাইফুরের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়। কলেজ সূত্র জানায়, ৩১.১০.২০১১ তারিখের চক/এড-৫৯/২০১১/৫৭৬৪ নম্বরের স্মারকের ভিত্তিতে ১২ নভেম্বর অভিযোগকারী ছাত্রীকে কলেজের অধ্যক্ষের কাছে প্রমাণাদি উপস্থাপনের জন্য চিঠি দেওয়া হয়। ওই ছাত্রী প্রমাণাদি উপস্থাপনের জন্য অধ্যক্ষের কাছে আরও সময় দেওয়ার জন্য মৌখিক আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ ১২ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর প্রমাণাদি উপস্থাপনের দিন ধার্য করেন।এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখর দস্তিদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তদন্তের বিষয়টি গোপনীয়। আপনাকে কে বিষয়টি জানিয়েছেন?’ এরপর এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘প্রভাষক সাইফুরের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল। তরুণীটি সাইফুরের আত্মীয় বলে শুনেছি। তাঁদের মধ্যে কী হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ-সংক্রান্ত মামলার সর্বশেষ অবস্থা কী, তা তদন্ত করে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাব।’ সাইফুর রহমানের সঙ্গে গতকাল মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এর অনেক দিন আগে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। ওই সময় তিনি ব্যাপারটি নিয়ে প্রথম আলোর সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।অভিযোগকারী তরুণী প্রথম আলোকে বলেন, ‘সাইফুর আমার যে সর্বনাশ করেছে তার বিচার চাই। এ জন্য আমি মামলা করেছি। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। ওই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ মহোদয় বিভাগীয় তদন্ত করছেন।’