চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দখল চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশ থেকে অবৈধ দখলদারদের নিজ নিজ প্রতিষ্ঠান সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দিয়েছিল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গত ২৮ এপ্রিল এই সময়সীমা (আলটিমেটাম) শেষ হলেও দোকানপাট, ঘরবাড়িসহ কোনো রকম অবৈধ স্থাপনা সরিয়ে নেননি দখলদারেরা। বরং সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। আল্টিমেটাম শেষ হওয়ার পরও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন উঠেছে সওজ কর্তপক্ষের ভূমিকা নিয়েও। সওজ সূত্র জানায়, চট্টগাম ওয়াসার সরবরাহ লাইন স্থাপনের জন্য সওজ কর্তৃপক্ষ চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত প্রায় ৩৯ কিলোমিটার এলাকায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ৩ বার নোটিশ দেওয়া হয়। এর পরও কোনো দখলদার তাঁদের স্থাপনা সরিয়ে নেননি। সর্বশেষ গত ৪ এপ্রিল মাইকযোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সওজ কর্তৃপক্ষ ২৮ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। অথচ এর পরও সরে যাননি অবৈধ দখলদারেরা।এলাকাবাসী জানান, দখলদারদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা। এ কারণে সওজ কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারছে না। অনুসন্ধানে জানা যায়, সড়কের বিভিন্ন স্থানে অবৈধ দখলদারেরা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেন। রাঙ্গুনিয়া পৌরসভার পুরোনো থানা ভবনসংলগ্ন এলাকায় গড়ে তোলা হচ্ছে ১৫-১৬টিরও বেশি দোকান। চন্দ্রঘোনা লিচুবাগান, ইছাখালি, সৈয়দবাড়ি বড়ুয়াপাড়া এলাকায়ও সড়কের দুই পাশ দখল করে দোকান নির্মাণ চলছে। সওজের নীরব ভূমিকার কারণে এসব দখলদার প্রশ্রয় পাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা দোকানের মালিক মো. সাইফুল বলেন, জায়গাটি সওজ বিভাগের, যখন প্রয়োজন হবে তখনই ছেড়ে দেওয়া হবে। তা ছাড়া সড়কের দুই পাশে জায়গা দখল করে হাজার হাজার দখলদার দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে ব্যবসা করছেন। তাঁরা তো কেউ অনুমতি নেননি। সওজ বিভাগ চট্টগ্রাম জেলা কার্যালয় নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘গত ২৮ এপ্রিল আল্টিমেটাম শেষ হওয়ার পর সড়কের হাটহাজারী উপজেলার বইজ্জ্যাখালী এলাকায় একটি সেতুর নির্মাণকাজের জন্য কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়েছে। সড়কের দুপাশ থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ চেয়ে বিভাগীয় প্রতিবেদন পাঠানো হয়েছে।