চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জায়গায় দোকান, খালের ভেতর বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হয়ে যাচ্ছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের জায়গা। সড়ক ও জনপথ বিভাগের এসব জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দোকান তুলে ভাড়া দিচ্ছেন। কেউ কেউ ঝুপড়িঘর তৈরি করে বসিয়েছেন মদ-গাঁজার আখড়া। এভাবে দখলের ফলে সড়কটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের (রাউজান অংশে) মদুনাঘাট থেকে পাহাড়তলী পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের দুপাশের অব্যবহূত জায়গার বড় অংশ অবৈধ দখলে চলে গেছে। দখল থেকে বাদ যায়নি বজ্জ্যাখালী খালও। খালের জায়গায় নির্মাণ করা হচ্ছে দোতলা ভবন। পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ জানান, কিছু লোক ব্যস্ততম এ সড়কের বিভিন্ন স্থান দখল করে অস্থায়ী দোকানঘরসহ ভাসমান লোকজনের জন্য ঝুপড়ি বানিয়ে ভাড়া দিচ্ছেন। ওসব ঝুপড়িতে মাদক ব্যবসাসহ সমাজবিরোধী কাজ চলছে। দীর্ঘদিন ধরে এভাবে সড়কের জায়গা বেদখল হতে থাকলেও সড়ক ও জনপথ বিভাগ রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। এ অবস্থায় সড়ক সংকুচিত হয়ে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পরিদর্শনে দেখা গেছে, মদুনাঘাট সেতুর গোড়ায় হালদা নদী থেকে উৎপন্ন একটি খাল সড়কের পাশ ঘেঁষে প্রবাহিত হয়েছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ খালে এখনো জোয়ার-ভাটা হয়। স্থানীয় লোকজন জানান, প্রায় দুই বছর থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা খণ্ড খণ্ডভাবে খালটি দখল করা শুরু করে। এতে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় প্রবীণ ব্যক্তি নুরুল হক জানান, কাপ্তাই সড়কের দুই পাশেই খাল ছিল। এই খালের সৃষ্টি ১৯৬০ সালে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নির্মাণের সময়। সরকারি কাগজপত্রে খালের মালিক সড়ক ও জনপথ বিভাগ। এলাকায় জায়গার দাম বেড়ে যাওয়ায় খালের ওপর প্রভাবশালীদের নজর পড়ে। গত ২০ বছরে খালের অনেক জায়গা ভরাট করে স্থায়ী-অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে।জানা যায়, বজ্জ্যাখালী এলাকায় খালের জায়গা দখল করে দোতলা পাকা ভবন নির্মাণ করছেন স্থানীয় উরকিচর গ্রামের প্রবাসী সাইফুল আলম। তিনি বর্তমানে প্রবাসে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। যোগাযোগ করা হলে তাঁর পরিবারের কেউ এ ব্যাপারে বক্তব্য দিতে রাজি হননি।উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার চৌধুরী বলেন, ‘খালটি দিয়ে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ এলাকার অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। জলাবদ্ধতা থেকে রক্ষা পায় ফসলি জমিসহ নিচু এলাকা। তবে এভাবে খাল-নালা অবৈধ দখল অব্যাহত থাকলে বর্ষাকালে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে।’ জানতে চাইলে, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, বজ্জ্যাখালী গেটের কাছে খালের মালিক সড়ক ও জনপথ বিভাগ। খালের ভেতর সব কটি স্থাপনা অবৈধ। এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। শিগগিরই সরিয়ে নেওয়া না হলে ওসব স্থাপনা ভেঙে দেওয়া হবে।