চট্টগ্রাম ঘুরে গেলেন আইএমও মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের সফরে চট্টগ্রাম ঘুরে গেলেন আন্তর্জাতিক নৌসংস্থার মহাসচিব কোজি সেকিমিজু। চট্টগ্রামে অবস্থানের সময় তিনি মেরিন একাডেমি, জাতীয় মেরিটাইম ইনস্টিটিউট, জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, জাহাজভাঙা শিল্প এলাকা ঘুরে দেখেন। আইএমও হল জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থার একটি। বিশ্বে নৌ-খাত তদারকিতে নানা বিধিবিধান প্রণয়ন করে সংস্থাটি।গত মঙ্গলবার চট্টগ্রাম সফরের প্রথম দিনে মেরিন একাডেমির সুবর্ণ জয়ন্তী উত্সবে অংশ নেন আইএমও মহাসচিব। সকালে তিনি একাডেমি চত্বরে পৌঁছালে ক্যাডেটরা তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উত্সবের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, আইএমওর কর্মকর্তা ও মেরিন একাডেমির সাবেক ক্যাডেট মঈন আহমেদ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক শিপিং খাতে ৫০ বছরে অনেক অর্জন রয়েছে মেরিন একাডেমির। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিষ্ঠানের ক্যাডেটরা সাফল্যের স্বাক্ষর রেখেছে। কোজি সেকিমিজু বুধবার নাবিক প্রশিক্ষণকেন্দ্র ‘ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট’ পরিদর্শন করেন। ইনস্টিটিউটের অধ্যক্ষ ফয়সাল আজিম আইএমও মহাসচিবের হাতে শুভেচ্ছার নিদর্শন হিসেবে ক্রেস্ট এবং একটি নকশিকাঁথা তুলে দেন। এ সময় কোজি সেকিমিজু বাংলাদেশি নাবিকদের দক্ষতার প্রশংসা করেন।এর আগে বুধবার সকালে আইএমও মহাসচিব ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড পরিদর্শন করেন। ওয়েস্টার্ন মেরিনের নির্মাণাধীন জাহাজের কারিগরি মানের প্রশংসা করে এ শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আইএমও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান। এ সময় ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।এরপর আইএমও মহাসচিব সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প, শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) নবনির্মিত হাসপাতাল ও জাহাজভাঙা শ্রমিকদের প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। তিনি রাইজিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ও হাবীব স্টিল শিপব্রেকিং ইয়ার্ড ঘুরে দেখে এ দুটি ইয়ার্ড পরিবেশবান্ধব বলে মত দেন। এ সময় বিএসবিএ সভাপতি হেফাজেতুর রহমান, রাইজিং স্টিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, মাবিয়া গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।