চট্টগ্রাম চেম্বারে চীনা ভাষার প্রশিক্ষণ কাল শুরু হচ্ছে
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে তিন দিনের চীনা ভাষার প্রশিক্ষণ কোর্স কাল ১৮ এপ্রিল শুরু হচ্ছে। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে কোর্স।চেম্বার সূত্রে জানা যায়, চীনা ভাষায় দখল না থাকায় সে দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও যোগাযোগের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় এ দেশের ব্যবসায়ীরা। এ সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চীনা ভাষার ওপর এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব ওসমান গণি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশসহ এশীয় দেশগুলোর সঙ্গে চীনের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটছে। ফলে আমাদের দেশের ব্যবসায়ীরা এখন যেমন চীনে যাচ্ছেন তেমনি সেখান থেকেও ব্যবসায়ীরা এ দেশে আসছেন। এ ক্ষেত্রে ভাষাগত সমস্যা সমাধানে আমরা চীনা ভাষার ওপর প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি। বিশ্বব্যাংকের অধীনে নলেজ সেন্টারের মাধ্যমে এটি পরিচালিত হবে।’ কোর্সে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের ফোনে (০৩১-৭১৩৩৬৬-৯ বা ০১৮১৯ ১০১১৬৭) যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।