চট্টগ্রাম ছাড়া ঈদ ভাবাই যায় না: সাব্বির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ মানে আনন্দ। নতুন পোশাক, মজার মজার রান্না আর ঘুরে বেড়ানো। ব্যস্ততা ভুলে পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে কাটে এই একটা দিন। ঈদ নিয়ে অনুভূতি জানিয়েছেন তিন সংগীতশিল্পী—ক্লোজআপ ওয়ানের অরিন ও সাব্বির এবং চ্যানেল আই সেরাকণ্ঠের নাবিলা
সা​ব্বির
সা​ব্বির

ঢাকায় শত ব্যস্ততার মধ্যেও মনটা পড়ে থাকে চট্টগ্রামে। সময় পেলেই চলে আসি। ঈদ তো চট্টগ্রামে ছাড়া ভাবাই যায় না। আগ্রাবাদের চৌমুহনীতে আমাদের বাড়ি। ছোটবেলা থেকে মহা আনন্দে এখানে ঈদ কাটিয়ে আসছি। এখনো বাড়ি এলে সব ভুলে যাই। একেবারে পাড়ার সাব্বির হয়ে উঠি। এর মজাই তো আলাদা। পাড়ার বন্ধুবান্ধবেরা অপেক্ষায় থাকে সবাই কখন একসঙ্গে হবে। ঈদের দিন দল বেঁধে পাড়া চষে বেড়াই আমরা। এই রেওয়াজ এখনো আছে।
তবে এখনকার ঈদে অনেক কিছু পাল্টে গেছে। আগে সেলামি পেতাম, এখন দিতে হয়। এ ছাড়া পরিবারের সবার জন্য কেনাকাটা করি। বাড়তি আনন্দ দেয় আমার ছেলে। তাকে ঘিরে অন্য রকম ঈদ কাটে।
এবারের ঈদে একটি মিক্সড অ্যালবামে গান করেছি। তবে বেশি মনোযোগ দিচ্ছি সংগীত পরিচালনায়।
কাজ করছি চাটগাঁ এক্সপ্রেস নামের একটি অ্যালবামের। এতে থাকবে চট্টগ্রামের খ্যাতনামা শিল্পীদের সঙ্গে নবীনদের গান।
অনুলিখন: আশরাফ উল্লাহ